বাংলাদেশ
কোটা আন্দোলন: র্যাবের হেলিকপ্টারে করে কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার
কোটা সংস্কারের দাবিতে চলমান সহিংসতার মধ্যে রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া ৬০ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভবন থেকে হেলিকপ্টারে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৬০ জন সদস্যকে উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন: মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে অবস্থান করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
৫৯৬ দিন আগে
কোটা আন্দোলন: বাড্ডায় সংঘর্ষে ১ শিক্ষার্থী নিহত, আহত ২ শতাধিক
রাজধানীর বাড্ডায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থী নিহত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বাড্ডার এএমজেড হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরমান জানিয়েছেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার বুকে একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
এছাড়া সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, এআইইউবি ও কানাডিয়ান ইউনিভার্সিটির দুই শতাধিক শিক্ষার্থী হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন।
মাথায় গুরুতর আঘাত পাওয়া একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ডা. আরমান। এছাড়া পাঁচজন এখনও তাদের হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
কোটা সংস্কারে নীতিগতভাবে একমত, আলোচনায় বসতে চায় সরকার: আইনমন্ত্রী
৫৯৬ দিন আগে
কোটা আন্দোলনকারী সন্দেহে জবির ৩ শিক্ষার্থী আটক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামনে থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সন্দেহে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের ফটকের সামনে থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকে সেখানে মানুষজন জড়ো হলেই সরিয়ে দিচ্ছিল পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
পরে দুপুর সাড়ে ১২টার দিকে জবির ফটকের সামনে থেকে প্রথমে একজন ও পরে আরও দুই শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় পুলিশ।
আটক শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্সের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. অপূর্ব কর্মকার ও তার সহপাঠী খন্দকার জালাল এবং সমাজকর্ম বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাব্বির।
শিক্ষার্থীদের আটকের বিষয়টি স্বীকার করে কোতোয়ালি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতবর জানান, ‘ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাসের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তাদের মোবাইলে আন্দোলনের ছবি পাওয়া গেছে। যাচাইবাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি থানায় কথা বলেছি। মুচলেকা নিয়ে পুলিশ তাদের ছেড়ে দেবে। এ বিষয়ে সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।’
আরও পড়ুন : শাটডাউনে অচল রাজধানী: পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ
৫৯৬ দিন আগে
ক্রমবর্ধমান সামুদ্রিক খাবারের চাহিদা মেটাতে সমুদ্র সম্পদে বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী
বিশ্বে ক্রমবর্ধমান সামুদ্রিক খাবারের চাহিদার প্রেক্ষাপটে বাংলাদেশের সমুদ্র অর্থনীতিকে শক্তিশালী করতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের সমুদ্র সম্পদ আহরণে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বড় পরিসরে এই সম্পদ ব্যবহার করতে আমি দেশি-বিদেশি সকল বিনিয়োগকারীকে বাংলাদেশে এসে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।’
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সিফুড শো-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ রপ্তানি করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দৃঢ়ভাবে সামুদ্রিক মাছের উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। বাংলাদেশের সমুদ্র অর্থনীতিকে আরও সমৃদ্ধ করার বিপুল সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চান তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক ভারত
তিনি বলেন, ‘আমি মনে করি, গভীর সমুদ্রের সম্পদের ব্যবহার কীভাবে করা যায়, সেদিকে আমাদের আরও মনোযোগ দেওয়া দরকার। আমরা সমুদ্র সম্পদ ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ সারা বিশ্বে সামুদ্রিক খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ যত বেশি এই সম্পদ ব্যবহার করতে পারবে, তত দ্রুত এগিয়ে যাবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যৌথভাবে এখানকার সমুদ্র সম্পদ আহরণে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে।’
বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার ব্যাংক লেনদেন অনেক সহজ করায় তারা সহজেই তাদের লভ্যাংশ নিতে পারছে। এখানে তারা অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টের সুবিধাও নিতে পারে।’
এ খাত থেকে রপ্তানি আয় বাড়াতে মৎস্য পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘মাছ রপ্তানি বাড়াতে টেস্টিং ও প্যাকেজিংয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশ সামুদ্রিক পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মৎস্য উৎপাদন, সংরক্ষণ, পরীক্ষণ ও রপ্তানি চেইনে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে।’
‘সরকার ইতোমধ্যে টেস্টিং ল্যাবরেটরিও স্থাপন করেছে। আমাদের তিনটি ভালো ল্যাবরেটরি রয়েছে।’
আরও পড়ুন: দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের অবশ্যই সম্মান জানাতে হবে: প্রধানমন্ত্রী
এসময় তরুণ প্রজন্মকে মৎস্য উৎপাদনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘মাছ উৎপাদন ও সংরক্ষণে মনোযোগী হওয়া এবং এ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারে তরুণ প্রজন্ম। তারা মাছ চাষের জন্য এসএমই ফাউন্ডেশন থেকে ঋণও নিতে পারে। আশা করি, আমাদের যুব সমাজ বৃহত্তরভাবে এ শিল্পে সম্পৃক্ত হতে এগিয়ে আসবে।’
বাংলাদেশে সমুদ্রের পানি থেকে জলবিদ্যুৎ উৎপাদনের গবেষণা অব্যাহত রয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আশা করি, এক্ষেত্রেও আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব।’
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘সরকার মিরসরাই (বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল)-কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ নির্মাণ করবে। মেরিন ড্রাইভ হলে সমুদ্র সৈকত রক্ষা পাবে এবং জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিও হ্রাস পাবে।’
এরপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সামুদ্রিক খাদ্য প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শ ম রেজাউল করিম, জার্মানিভিত্তিক প্ল্যানকোয়াড্রেটের ব্যবস্থাপনা পরিচালক মার্টিন গেসকেস, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী বেলায়েত হোসেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার বক্তৃতা দেন।
অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাকুয়াকালচার ও সামুদ্রিক খাদ্য শিল্পের সম্ভাবনা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আরও পড়ুন: কোটা আন্দোলনে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
৫৯৬ দিন আগে
কোটা আন্দোলন: কুমিল্লায় পুলিশ-বিজিবির সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
কোটাবিরোধী আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনে’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ (কুবি) অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুমিল্লার কোটবাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এক পর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের একটি ভিডিও ফুটেজ ইউএনবির হাতে এসেছে। এতে দেখা যায়, পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বাড্ডায় সংঘর্ষে ১ শিক্ষার্থী নিহত, আহত ২ শতাধিক
এর আগে, কুবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে এসে ব্যারিকেড দেয়।
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিব জানান, পুলিশের ছোড়া গুলিতে অন্তত ১০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
৫৯৬ দিন আগে
কোটা আন্দোলন: শেরপুরে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ মামলা, গ্রেপ্তার ৮
শেরপুরে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবারের(১৭ জুলাই) ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় ৩টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২শ’ থেকে ১৩শ’ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে শহরের রঘুনাথবাজার ও চকবাজার এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ একে অপরকে লাঠিসোঠা ও ইটপাটকেল ছোড়ে। বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলা এ সংঘর্ষের ঘটনাস্থলে কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ
এসময় রাস্তায় থাকা প্লাস্টিকের রোড ডিভাইডারে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এসময় ১১জন পুলিশসহ দুইপক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
ওসি এমদাদুল জানান, বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ ও এবং র্যাব শহরে যৌথ টহল শুরু করেছে। আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ কোন প্রভাব পড়েনি।
শহরের নিউমার্কেট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।
পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানিয়েছেন, বুধবার একটি অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
৫৯৬ দিন আগে
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করতে চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সরকার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে কোটা নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পক্ষ থেকে তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু ইতিবাচক বার্তা পেয়েছি। তারা বলেছে যে, তারা পড়ার টেবিলে ফিরতে চায়। আমরাও চাই তারা পড়ার টেবিলে ফিরুক। তাদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। সরকারও সমাধান করতে চায়।
তিনি আরও বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা আলোচনার পথে যেতে চায়। সরকারের পক্ষ থেকেও আলোচনার দরজা খোলা আছে।
প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সবচেয়ে ইতিবাচক যে বক্তব্যটি দিয়েছে তা হলো, চলমান ভাঙচুর, অগ্নিকাণ্ড ইত্যাদির সঙ্গে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' কোনোভাবেই জড়িত নয়। অর্থাৎ, তারা স্বীকার করে নিয়েছে যে, আন্দোলনের নামে সহিংসতা ও সন্ত্রাস হচ্ছে। আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এই সহিংসতা ও সন্ত্রাসকে নিন্দা জানিয়েছে।
আরও পড়ুন: কোটা সংস্কারে নীতিগতভাবে একমত, আলোচনায় বসতে চায় সরকার: আইনমন্ত্রী
প্রতিমন্ত্রী আরও বলেন, এ বিষয়ে আমাদের বক্তব্য একই। প্রধানমন্ত্রীও বলেছেন, তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা সহিংসতার সঙ্গে জড়িত নয়, এখানে তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে। আন্দোলনকারীরা আরও বলেছেন, চলমান আন্দোলনে কেউ সহিংসতা করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দায়ভার নেবে না।
আরাফাত বলেন, আমরা মনে করি, যেহেতু আন্দোলনের ভিতরে সন্ত্রাস ও সহিংসতার উপাদানগুলো দৃশ্যমান, কাজেই আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা পরিষ্কার বলেছে, তাদের আন্দোলনকে কেউ যেন ভিন্নখাতে নেওয়ার প্রচেষ্টা না করে। অর্থাৎ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা আছে- যা আমাদেরও অভিমত এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যে এ বিষয়টিও উল্লেখ করেছেন।
তিনি বলেন, এমতাবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এবং আমরা তৃতীয় পক্ষের অসাধু সুযোগ নেওয়ার অপচেষ্টা রোধে আন্দোলনকারী শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনায় বসে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চাই। যাতে শিক্ষার্থীরা তাদের বক্তব্য অনুযায়ী পড়ার টেবিলে ফিরতে পারে।
আরও পড়ুন: কোটা আন্দোলনকারীদের দাবি দফায় দফায় পরিবর্তন কেন: তথ্য প্রতিমন্ত্রী
৫৯৬ দিন আগে
লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ অনিয়মিত বাংলাদেশি
লিবিয়া থেকে ১৪৪ জন অনিয়মিত বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় ১৪৪ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানো হয়।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
এসময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ১৪৪ জনকে নগদ ছয় হাজার টাকা ও কিছু খাদ্যসামগ্রী উপহার হিসেবে এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়।
ভবিষ্যতে আর কেউ যেন দালালের খপ্পরে অবৈধভাবে বিদেশে পাড়ি না জমায়, সে বিষয়ে আত্মীয়-পরিচিতদের সচেতন করতে তাদের আহ্বান জানানো হয়।
৫৯৬ দিন আগে
মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে মিরপুর-১০ নম্বরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মেট্রোরেলের পরিচালক (অপারেশন) মো. নাসির উদ্দিন জানান, দুপুরে গোলচত্বরে একটি পুলিশ বক্সে আগুন দিলে পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টায় মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া পুরাতন মিরপুর-১০ নম্বরে ট্রাফিক পুলিশের একটি বক্স ভাঙচুর করা হয়।
৫৯৬ দিন আগে
কোটা সংস্কারে নীতিগতভাবে একমত, আলোচনায় বসতে চায় সরকার: আইনমন্ত্রী
চলমান সংকট নিরসনে সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার ইস্যুতে আমরা নীতিগতভাবে একমত।’
কোটা আন্দোলনকারীদের দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউনে’ বেশি কয়েকটি সংঘর্ষের পর এই ঘোষণা এলো।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, 'যখনই আন্দোলনরত শিক্ষার্থীরা সংলাপে বসতে রাজি হবে তখনই আলোচনা হবে।'
বৃহস্পতিবার বিকালে গণভবন থেকে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, ‘একজন বাবা হিসেবে আন্দোলন থেকে সরে আসার জন্য অনুরোধ করছি।’
এছাড়াও প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করে দ্রুত আপিল বিভাগে শুনানির তারিখ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, ‘শুনানির তারিখ এগিয়ে আনার জন্য অ্যাটর্নি জেনারেলকে রবিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
৫৯৬ দিন আগে