বাংলাদেশ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে নতুন পথের আশা জাগিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর চার দিন পর তারা শপথ নিলেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, অধিকারকর্মী আদিলুর রহমান খান, আইনজীবী হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ছাত্র সমন্বয়কারী এম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (সিএইচটিডিবি) চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, নারী অধিকার কর্মী ফরিদা আক্তার, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, গ্রামীণ টেলিকমের ট্রাস্টি নূরজাহান বেগম, ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শারমিন মুরশিদ এবং মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক উপদেষ্টা হিসেবে শপথ নেন।
আরও পড়ুন: আবু সাঈদ সবার হৃদয়ে রয়েছেন: অধ্যাপক ইউনূস
৬৬৫ দিন আগে
সন্দেহজনক লেনদেন হলে জব্দ হবে ব্যাংক হিসাব
সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এবং অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
দেশের উদ্ভূত পরিস্থিতিতে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা যাতে ব্যাংক থেকে অর্থ স্থানান্তর ও পাচার করতে না পারেন, সেজন্য বিএফআইইউয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএফআইইউয়ের আর্থিক গোয়েন্দারা আরও জানিয়েছে, পরিচিত বা স্বজনপ্রীতির মাধ্যমে ব্যাংক থেকে অর্থছাড় দেওয়া হলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশের সব রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের প্রধান ও অ্যান্টি মানি লন্ডারিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি দেয় বিএফআইইউ।
আরও পড়ুন: শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার: বাংলাদেশ ব্যাংক
এর আগে, বুধবার সকালে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হন বিএফআইইউ প্রধান।
বিএফআইইউ সূত্র জানায়, অনেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদ তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের চেষ্টা করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বুধবার ইসলামী ব্যাংক একটি প্রতিষ্ঠানের ৫৪৮ কোটি টাকার চেক প্রত্যাখ্যান করে।
এরপর মানি লন্ডারিং ও অবৈধ অর্থের লেনদেন রোধে এমন ব্যবস্থা নিল বিএফআইইউ।
আরও পড়ুন: 'সন্দেহজনক কোম্পানির' চেক আটকে দিচ্ছে ইসলামী ব্যাংক
৬৬৫ দিন আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা তৈরি করছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা বুঝতে পেরেছি, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। আমরা এই (অন্তর্বর্তীকালীন) সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মিলার বলেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা সহিংসতায় জড়িত সব অপরাধীকে পূর্ণ জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’
‘অন্তর্বর্তীকালীন সরকার-সম্পর্কিত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’
আরও পড়ুন: বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: যুক্তরাষ্ট্র
গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে চলা সহিংসতায় নিহত, মানবাধিকার লঙ্ঘন ও আহতের খবরে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে মুখপাত্র বলেন, ‘যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা ভুক্তভোগী হয়েছেন তাদের সবার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশে কী ঘটছে, তার ওপর আমরা নজর রাখছি।’
এর আগে বুধবার (৭ আগস্ট) ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘আপনারা গতকাল (মঙ্গলবার) যেমনটা শুনেছেন পররাষ্ট্রমন্ত্রী (অ্যান্টনি ব্লিঙ্কেন) বলেছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে, তারা যেন গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে কাজ করে, সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র।’
৬৬৫ দিন আগে
গভর্নর ও ডেপুটি গভর্নর ছাড়াই পরিচালিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অস্থিতিশীল পরিস্থিতি অব্যাহত থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে বুধবার চার ডেপুটি গভর্নর পদত্যাগ করতে বাধ্য হন। সোমবার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গভর্নর আব্দুর রউফ তালুকদার অফিসে অনুপস্থিত।
আন্দোলনরত নেতারা চাইছেন, আওয়ামী লীগ সরকার নিয়োজিত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ীদের দুর্নীতি ও অর্থপাচারে মদদ দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করতে বাধ্য করাতে। এদিকে রউফের অবস্থান এখনও জানা যায়নি।
বুধবার গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানের পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন একদল কর্মকর্তা।
আরও পড়ুন: বৃহস্পতিবারের জন্য টাকা উত্তোলনের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
আন্দোলনকারীরা বলছেন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে শীর্ষ কর্মকর্তারা ব্যর্থ হয়েছেন। তাদেরই একজন বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।’
ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান পদত্যাগ করেছেন। এরপরই তাকে মারধর করেন কর্মকর্তারা। পরে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা ডেপুটি গভর্নর নুরুন নাহার, উপদেষ্টা আবু ফরাহ মোহাম্মদ নাসের এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসের কার্যালয়ে গিয়ে পদত্যাগের জন্য চাপ দেন। এতে সম্মতি জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন তিনি।
বিএফআইইউ প্রধান মাসুদ পদত্যাগে রাজি হলে কর্মকর্তারা তাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেন। এ সময় সেনা সদস্যরা তাদের নিরাপত্তা দেন। বাকি দুই ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমান এসময় অফিসে ছিলেন না। তবে ক্ষুব্ধ কর্মকর্তারা তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা পদত্যাগ করবেন এবং আর অফিসে আসবেন না বলে জানান।
এরপরই বিক্ষুব্ধরা সিদ্ধান্ত নেন, ডেপুটি গভর্নর নুরুন নাহার সাময়িক সময়ের জন্য প্রশাসনিক কাজ চালিয়ে যাবেন।
আরও পড়ুন: 'সন্দেহজনক কোম্পানির' চেক আটকে দিচ্ছে ইসলামী ব্যাংক
৬৬৫ দিন আগে
‘দেশের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
সারা দেশে চলমান নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বৈঠকে তারা এই সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: নাশকতা-সহিংসতা বা হুমকির বিষয়ে জানাতে সেনা ক্যাম্পে যোগাযোগ করুন: আইএসপিআর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।
এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির
৬৬৫ দিন আগে
বাকৃবিতে রাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের ৭ দফা দাবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রাজনীতি নিষিদ্ধসহ ৭ দফা দাবি নিয়ে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত প্রায় ৬০ জন শিক্ষার্থী উপাচার্য বাসভবনের সামনে উপস্থিত হন।
শিক্ষার্থীদের মধ্যে থেকে ২০ জনের প্রতিনিধি দল বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে আলোচনা সভায় দাবিগুলো জানান।
শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো-
১. বিশ্ববিদ্যালয়ে সব রাজনীতি (ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী) নিষিদ্ধ করতে হবে।
২. ক্লাস শুরু হওয়ার ঘোষণা ৭ দিনের মধ্যে দিতে হবে।
৩. প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে গঠন করতে হবে।
৪. সব হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৫. বহিরাগতদের হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে।
৬. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানি ও হুমকি বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৭. অতীতে যারা সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্য ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধি দল এসে তাদের দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক মনে হয়েছে। সবার সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ে খুব শিগগিরই শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার।
৬৬৫ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৩টা ২ মিনিটে তিনি পদত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্যকে ২৪ ঘণ্টার সময় দিয়ে পদত্যাগের আল্টিমেটাম দেওয়ার পর পদত্যাগ করেন উপাচার্য।
এদিকে রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তরিকুল ইসলাম জানান, ইতোমধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর অধিকাংশ কর্মচারী বুধবার অনুপস্থিত থাকায় তিনি এখনও তা গ্রহণ করেননি।
আরও পড়ুন: ক্যাম্পাসে শিক্ষার্থীদের গ্রেপ্তারে রাবি শিক্ষকদের বাধা
৬৬৫ দিন আগে
ইউনূস ও ছাত্রনেতাদের প্রতি ফারাহ কবিরের খোলা চিঠি
দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও বৈষম্যের সংস্কৃতি থেকে সরে যেতে এবং পিতৃতন্ত্রের অবসান ঘটাতে সরকারি পরিষেবা ও অফিসগুলোকে আরও জেন্ডার-সংবেদনশীল হয়ে উঠতে সহায়তা করার আহ্বান জানিয়েছেন অ্যাকশনএইড বাংলাদেশের নির্বাহী পরিচালক ফারাহ কবির।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এই চিঠি দেন অ্যাকশনএইড বাংলাদেশের নির্বাহী পরিচালক।
চিঠিতে তিন বলেন, বাংলাদেশের এই নতুন অধ্যায় তৈরিতে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা ও অভিবাদন জানাচ্ছি। আমরা দেশের শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধার, অর্থনীতি রক্ষা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব গ্রহণ করতে সম্মত হওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
ড. ইউনূসকে লেখা চিঠিতে তিনি আরও বলেন, আপনার কাছে বিনীত অনুরোধ জানিয়ে লিখছি। আমরা জানি যে, এই সন্ধিক্ষণে অগ্রাধিকার হচ্ছে আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা, শাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরায় সচল করা এবং অর্থনীতিকে স্থিতিশীল করা। দারিদ্র্যের ফ্যামিনাইজেশন, প্রান্তিকীকরণ ও বর্জনের বিষয়গুলো সমাধানের বিষয়টিও মনে রাখার অনুরোধ জানাচ্ছি।
আরও পড়ুন: অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এছাড়া দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার এবং বৈষম্যের সংস্কৃতি থেকে সরে যেতে এবং পিতৃতন্ত্রের অবসান ঘটাতে সরকারি পরিষেবা এবং অফিসগুলোকে আরও জেন্ডার-সংবেদনশীল হয়ে উঠতে সহায়তা করার আহ্বানও জানান সারাহ কবির।
তিনি আরও বলেন, নারী, প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘুদের অবদান এবং অন্তর্ভুক্তির বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করা হয়নি, তাদের যে সম্ভাবনা রয়েছে তার স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ সিদ্ধান্তগ্রহণকারী প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ।
জেন্ডার-ভিত্তিক সহিংসতা, সমাজের ক্ষতিকর নিয়মকানুন ও চর্চাসমূহ মোকবিলা করে একটি নতুন বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া যে, ছাত্রনেতা, আইনপ্রয়োগকারী সংস্থা এবং সরকার কোনো প্রকার সহিংসতাকে প্রশ্রয় দেবে না।
যেকোনো সহায়তায় সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয় চিঠিতে।
আরও পড়ুন: আমরা আশাবাদী এই রূপান্তর ইতিবাচক পরিবর্তনের দিকে নেবে: অ্যাকশনএইড বাংলাদেশ
৬৬৫ দিন আগে
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৮১
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে দুই জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে আরও ১৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৬২ জন রোগী।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯২
এছাড়া, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৭ শতাংশ নারী।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, চলতি বছরের ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।
আরও পড়ুন: দেশে আরও ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত
৬৬৫ দিন আগে
দেশে আরও ২ জনের করোনা শনাক্ত
বুধবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এসময় নতুন করে দুইজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে করোভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৩৬০ জনে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৯ জনের।
আরও পড়ুন: দেশে আরও ৫ জনের করোনা শনাক্ত
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।
মোট করোনা পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে মোট ২০ লাখ ১৯ হাজার জনে।
আরও পড়ুন: দেশে আরও ৭ জনের করোনা শনাক্ত
৬৬৫ দিন আগে