রাজনীতি
একতরফা নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: রিজভী
একতরফা’ নির্বাচনেও রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, 'আজ একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই।’
কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, জনগণ ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
রিজভী বলেন, ‘মানুষ ভোটকেন্দ্রে যাচ্ছে না। তারা (আওয়ামী লীগ) এই একতরফা নির্বাচনে ভুয়া ভোটার উপস্থিতি দেখানোর জন্য গভীর রাতে ব্যালট বাক্স ভরে দিয়েছে।’
তিনি বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এই বিএনপি নেতা শান্তিপূর্ণভাবে হরতাল পালন ও সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পরে রিজভী কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে হরতালের সমর্থনে মিছিল বের করেন।
প্রধান বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে আজ (রবিবার) সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিবাদে শনিবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো। সোমবার সকাল ৬টায় হরতাল শেষ হবে।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে ৩৫টির বেশি বিরোধী রাজনৈতিক দলসহ বিএনপি একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক জ্যেষ্ঠ নেতা গ্রেপ্তার হয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে অনেকে আত্মগোপনে রয়েছেন।
তবে সরকারি যানবাহন ও যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের মতো সহিংসতার ঘটনায় বিএনপি ও সমমনা দলগুলো ১২ দফায় ২৩ দিন এবং ২৯ অক্টোবর থেকে পাঁচ দিন হরতাল পালন করে।
৮৭৯ দিন আগে
শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটার উপস্থিতি বেশি: পররাষ্ট্র সচিব
শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটারদের উপস্থিতি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
একই সঙ্গে যত সময় গড়াবে ভোটারদের উপস্থিতি তত বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (৭ জানুয়ারি) ঢাকা-১০ আসনে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘বিদেশে থাকায় অনেক বছর ভোট দিতে পারিনি। মায়ের সঙ্গে বাবা যেতেন (ভোটকেন্দ্রে)। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ায় এখানে মায়ের সঙ্গে ভোট দিতে এসেছি।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, আজ সকাল থেকে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর তারা মতামত জানাবেন।
আরও পড়ুন: বিএনপির হরতাল ‘ঢংঢাং’, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন: মোমেন
সাংবাদিক ছাড়াও ১২৭ জনেরও বেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ।’
মাসুদ বিন মোমেন বলেন, নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয়। তবে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও মসৃণ হচ্ছে কি না তা দেখা দরকার।
সম্ভাব্য কম ভোটার উপস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর ধারণা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘এটি তাদের বিবেচনার বিষয়। যদি ভোটারদের উপস্থিতি যথেষ্ট হয়, তবে তা নির্বাচন ও এর বিশ্বাসযোগ্যতার পক্ষেই যাবে।’
পররাষ্ট্র সচিব আরও বলেন, যেসব বিদেশি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, তারা ট্রেনে অগ্নিসংযোগে মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
বিদেশি পর্যবেক্ষক এবং কূটনীতিকরা বিকাল ৫টার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ভোট বর্জনকারীদের বর্জন করেছেন ভোটাররা: কাদের
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
৮৭৯ দিন আগে
বিএনপির হরতাল ‘ঢংঢাং’, ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন: মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সকাল ১০টায় ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
কম ভোটার উপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, টানা ছুটির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হতে পারে।
এ সময় তিনি বিএনপির হরতালকে ‘ঢংঢাং’ বলে মন্তব্য করেন এবং ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জোরজবরদস্তি নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আমাদের ভোট দিলে জনগণের মঙ্গল হয়।’
আরও পড়ুন: ভোট বর্জনকারীদের বর্জন করেছেন ভোটাররা: কাদের
পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী
৮৭৯ দিন আগে
ভোট বর্জনকারীদের বর্জন করেছেন ভোটাররা: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে ভোটাররা তাদেরকে বর্জন করেছে।
সকাল ১০ টা ১৫ মিনিটে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দিয়ে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। যা প্রমাণ করে- বিএনপি ও তার সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে ভোটাররা তাদেরকে বর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি- এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।’
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।
৮৭৯ দিন আগে
ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন অভিনেতা ফেরদৌস
ঢালিউড অভিনেতা ও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ আজ সকালে ভোট দিয়েছেন। সকাল ১০টায় রাজধানীর ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফেরদৌস।
তিনি স্ত্রী তানিয়া ফেরদৌস ও দুই মেয়ে নুজহাত ও নামিরাকে নিয়ে কেন্দ্রে আসেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে ঢাকা-১০ আসনের (ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট ও কলাবাগান নিয়ে গঠিত) ঢাকা সিটি কলেজ কেন্দ্রে যান ফেরদৌস।
প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৭টা ৫৫ মিনিটের আগে ভোটকেন্দ্রে পৌঁছান এবং ভোট দেন।
নির্বাচনী এলাকায় ভোট দিতে আসা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস গণমাধ্যমকে বলেন, নির্বাচনের শুরুতে তিনি অভিভূত।
ভোটকেন্দ্রে ফেরদৌস বলেন, ‘এই চমৎকার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসায় আমি আনন্দিত।’
তিনি আরও বলেন, 'নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অভিনয়ে যেভাবে শতভাগ দিয়েছি দর্শকদের, সেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করব।'
ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর ফেরদৌস ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষ ভোট দিতে আগ্রহী এবং সর্বস্তরের মানুষ আজ ভোট দিতে আসবে। আমার বিশ্বাস আমরা বড় ব্যবধানে জিতব।’
৮৭৯ দিন আগে
মুন্সীগঞ্জে আ. লীগ প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের টেঙ্গরে আজ রবিবার (৭ জানুয়ারি) সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মো. জিল্লুর (৪২) মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার আসলাম খান বলেন, সকাল পৌনে ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা ধারালো অস্ত্র দিয়ে জিল্লুরের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার পর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় সন্তানকে হত্যার পর জ্বালিয়ে দিল বাবা!
ভোটকেন্দ্রে পাহারায় থাকা গ্রাম পুলিশকে শ্বাসরোধে হত্যা
৮৭৯ দিন আগে
জাতীয় নির্বাচন ২০২৪: জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, নির্বাচনের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে।
রবিবার (৭ জানুয়ারি) সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে। আপনাদের ভোট খুবই মূল্যবান। আমরা ভোটাধিকারের জন্য অনেক লড়াই করেছি এবং আমি আশা করি দেশের সব মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে আসবেন। বাংলাদেশ তার গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখবে।’
অনেক বাধা-বিপত্তির মধ্যেও আজ নির্বাচন করতে পেরে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটাধিকার সম্পর্কে সতর্ক এবং নির্বাচন জরুরি।
আরও পড়ুন: ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা
তিনি বলেন, ‘কারণ পাঁচ বছর পর একটি নির্বাচন হবে এবং জনগণ অবাধে ভোট দেবে এবং আমরা সেই পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। যদিও এখানে বিএনপি-জামায়াত জোট অগ্নিসংযোগ ও অন্যান্য ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা দেশের মানুষের কল্যাণও চায় না, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতাও চায় না।
শেখ হাসিনা বলেন, ‘জনগণ তাদের ইচ্ছামতো ভোট দেবে। আমরা সেই ভোটের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি। যদিও বিএনপি-জামায়াত জোট অগ্নিসংযোগসহ অনেক ঘটনা ঘটিয়েছে।’
শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রয়েছে।
আরও পড়ুন: গুজবের বিরুদ্ধে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী
তিনি বলেন, ‘আমাদের সামনে আরও অনেক কাজ আছে। আমরা সেগুলো সম্পূর্ণ করতে চাই। আমরা আশা করি নৌকা বিজয়ী হবে এবং আবারও আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারব এবং আমরা যে উন্নয়নশীল দেশের মর্যাদার বাস্তবায়ন করতে পারব।’
তিনি বলেন, জনগণের ওপর তার আস্থা আছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করেছে। কারণ গণতন্ত্র ছাড়া উন্নয়ন সম্ভব নয়। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ধারাবাহিক গণতান্ত্রিক ধারার কারণেই দেশের এই অর্জন।
তিনি আরও বলেন, ‘সামরিক শাসনসহ অন্যান্য সরকারের সময়ের দিকে তাকালে তারা দেখতে পাবেন, তারা দেশের জন্য কোনো উন্নয়ন করতে পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণ ভোটাধিকার ও খাদ্যের অধিকার পায়। আর এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা এটা সফলভাবে করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
শেখ হাসিনা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি হাত দিয়ে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে বলেন, ‘আমি অবশ্যই আশাবাদী কারণ দেশের মানুষ আমার সঙ্গে আছে। ইনশাল্লাহ আমরা জিতব।’
আরও পড়ুন: আগামী ৭ জানুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হবে: প্রধানমন্ত্রী
৮৭৯ দিন আগে
যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার কর্মকর্তা আহত
যশোরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুর্বৃত্তদের ছোঁড়া ককটেলের বিস্ফোরণে দায়িত্বে থাকা বাংলাদেশ আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মারুফ হোসেন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
রবিবার (সকাল) সকাল সোয়া ৭টার দিকে তিনি যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের পূর্ব দিক থেকে এসে ১টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি দ্বিতীয় তলার রেলিংয়ে বিস্ফোরিত হয়। এতে এপিসি মারুফ হোসেনের ডান পায়ে লেগে তিনি সামান্য আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও নির্বাচনে দায়িত্বে থাকা পুলিশের মোবাইল স্ট্রাইকিং টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ককটেলের বিস্ফোরিত অংশের নমুনা সংগ্রহ করেন। তবে এ ঘটনায় কেউ আটক হননি।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনের সঙ্গে কথা বলার জন্য ফোনে তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: রাজশাহীতে দুর্বৃত্তের ছোঁড়া পেট্রোলবোমায় আহত ২
ফরিদপুরে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এজেন্টসহ আহত ৪
৮৭৯ দিন আগে
জাতীয় নির্বাচন ২০২৪: নরসিংদী-৪ আসনের কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বাতিল
অনিয়মের অভিযোগে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের একটি কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, বেলাবো উপজেলার সাল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পরই বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, ব্যালটে সিল দেওয়ার অভিযোগে ভোট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: জাতীয় নির্বাচন ২০২৪: সারা দেশে র্যাবের ৭০০ টহল দল মোতায়েন
তবে তাৎক্ষণিকভাবে সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের বয়কটের মধ্যেই ভোটগ্রহণ চলছে।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকেবিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আরও পড়ুন: যেকোনো মূল্যে আগামী জাতীয় নির্বাচন হবে: প্রধানমন্ত্রী
৮৮০ দিন আগে
বিরোধী দলের বয়কটের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
বিরোধী দলের বয়কটের মধ্যেই রবিবার সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮টা থেকে বিরতিহীন বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১ হাজার ৯৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ১৬টি দল নির্বাচনী দৌড়ের বাইরে রয়েছে।
ইসির তথ্য অনুযায়ী, সারা দেশে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি বুথের অধীনে ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন পুরুষ, ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন নারী ও ৮৪৮ জন ট্রান্সজেন্ডারসহ মোট ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন।
সারা দেশে আচরণবিধি লঙ্ঘন রোধ করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রায় ৮ লাখ নিরাপত্তা কর্মী নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শাস্তির জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রায় ২ হাজার (২ হাজার ৭৬) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে ৪২ হাজার ২৪ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৬০ হাজার ৮৫৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রায় ৫ লাখ ২২ হাজার পোলিং অফিসারসহ প্রায় ৯ লাখ পোলিং কর্মকর্তা দায়িত্বে রয়েছেন।
৮৮০ দিন আগে