ব্যবসা
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার: অর্থ উপদেষ্টা
সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ব্যবস্থার দিকে মনোনিবেশ করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে বর্তমান বাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের অঙ্গীকার তুলে ধরেন ড. সালেহউদ্দিন।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাংকিং, রাজস্ব আয় ও পুঁজিবাজার সংস্কারে সহায়তা দেবে যুক্তরাজ্য
তিনি বলেন, 'পুঁজিবাজারের বিদ্যমান ও অতীত সমস্যাগুলো সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগে নিরাপদ বোধ করেন। টেকসই ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে তাৎক্ষণিক পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি দুই পরিকল্পনাই আমাদের হাতে রয়েছে।’
পুঁজিবাজার স্থিতিশীল করতে তারল্য সংকট এবং মিউচুয়াল ফান্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, ‘আমরা বেশ কিছু নীতিগত উদ্বেগ অর্থ উপদেষ্টার কাছে তুলে ধরেছি। আশা করছি মন্ত্রণালয় এসব জরুরি সমস্যা সমাধানে শিগগিরই সিদ্ধান্ত নেবে।’
বাজারকে স্থিতিশীল করা এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করার লক্ষ্যে এ বৈঠকে ঋণাত্মক ইক্যুইটি, তারল্য সহায়তা, কর সংস্কার, বাইব্যাক নীতি এবং ব্যাংকিং খাতের সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো উঠে এসেছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রণের সমস্যাগুলো মোকাবিলায় পুঁজিবাজারের অনিয়ম তদন্তকারী কমিটিগুলোর সঙ্গেও পরামর্শ করেন অর্থ উপদেষ্টা।
আরও পড়ুন: সোম-মঙ্গল-বুধবার বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার
৫৮২ দিন আগে
বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে নিয়োগ পেলেন নাহিয়ান রহমান রোচি
বাংলাদেশের বিনিয়োগ খাতের উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নাহিয়ান রহমান রোচিকে বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) অতিরিক্ত সচিব পদ মর্যাদায় বিডায় তাকে নিয়োগ পত্র দিয়েছে কর্তৃপক্ষ।
নাহিয়ান সরাসরি বিডার নির্বাহী চেয়ারম্যানের অধীনে কাজ করবেন এবং বিডা’র উচ্চপদস্থ নেতৃত্ব দলের অংশ হিসেবে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, ব্যবসার পরিবেশ উন্নয়ন, এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার বিভিন্ন কৌশল বাস্তবায়নে কাজ করবেন।
উল্লখ্য, নাহিয়ান রহমান রোচি এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে তার দক্ষতার ছাপ রেখেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক এবং মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র। তার পেশাগত দক্ষতা সিআইএমএ এবং সিপিএ সার্টিফিকেশন রয়েছে।
আরও পড়ুন: জুলাই-সেপ্টেম্বরে ২০৯,৬২৬ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিডা
৫৮২ দিন আগে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বুধবার সকালে প্রথম দেড় ঘণ্টায় ১৯২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের রেকর্ড অনুযায়ী, ৬৮ হাজার ৫৪৭টি লেনদেনের মাধ্যমে ৭ কোটি ৮২ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ওই দিনে প্রথম দেড় ঘণ্টায় ৮৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: ৪ মাসের মধ্যে ডিএসই সূচকের বড় পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
এ সময়ে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ৩৬৬টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের।
বুধবার প্রথম দেড় ঘণ্টায় ডিএসইএক্সের প্রধান সূচক ডিএসইএক্স ১০০ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৫১১৭ দশমিক ৫১ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১১৩১ দশমিক ২২ পয়েন্টে এবং ডিএস৩০ স্পেশাল ব্লু চিপ সূচক ৩৯ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১৮৯৮ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: মূলধন লাভের ওপর নতুন কর আরোপ না করতে ডিএসই চেয়ারম্যানের আহ্বান
৫৮৩ দিন আগে
বাংলাদেশে বন্যা: চালের আমদানি শুল্ক মওকুফের সুপারিশ
সাম্প্রতিক বন্যার কারণে চালের উৎপাদন ব্যাপকহারে কমে যাওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন স্থানীয় বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে চালের বর্তমান আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে।
কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি শুল্ক সম্পূর্ণ মওকুফ করা হলে চালের দাম বৃদ্ধি রোধ করা সম্ভব হবে এবং থাইল্যান্ড ও ভারতের মতো আন্তর্জাতিক বাজার থেকে আমদানি উৎসাহিত হবে। যেখানে শুল্ক ছাড়াই প্রতি কেজির মূল্য যথাক্রমে ৬৬ টাকা ও ৫৪ টাকা হবে।
আরও পড়ুন: শিল্প কারখানায় গ্যাস সংযোগ পুনরায় চালু করার কথা ভাবছে সরকার
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসন্ন উৎপাদন মৌসুমে বন্যার সম্ভাব্য নেতিবাচক প্রভাব পড়বে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দুই দফা বন্যায় ১৬ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৮ লাখ ৩৯ হাজার টন চাল উৎপাদন ব্যাহত হয়েছে।
সরকার সম্প্রতি আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করলেও আমদানিকারকরা উচ্চ শুল্কের কারণে নিরুৎসাহিত। চালের সরবরাহকে সীমিত করছে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করছে।
আরও পড়ুন: সাংবিধানিক-রাজনৈতিক সংকট সৃষ্টির প্রচেষ্টা বানচালে ঐক্যের আহ্বান বিএনপির
৫৮৩ দিন আগে
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভর্তি পদ্ধতি, স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপসহ যাবতীয় সুযোগ-সুবিধা
জ্ঞান বিকাশের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা লাভের মাধ্যমে ক্যারিয়ারকে সমৃদ্ধি করার সুযোগ সৃষ্টি হয় বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে। উন্নত একাডেমিক পরিবেশ এবং মানসম্পন্ন জীবনযাত্রা শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে অধিষ্ঠানের চালিকা শক্তি হিসেবে কাজ করে। এমন অভাবনীয় সুযোগ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। অত্যাধুনিক অবকাঠামো ও গবেষণায় উত্তরোত্তর উন্নয়নের কারণে দেশটি বিশ্ব অর্থনীতিতে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। কেননা বিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষ জনগোষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ অংশের যোগান দিচ্ছে কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলো। চলুন, দেশটিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো পর্যালোচনা করা যাক।
দক্ষিণ কোরিয়ায় কেন পড়তে যাবেন
আন্তর্জাতিক সংস্থা ওইসিডির (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) তালিকাভুক্ত দেশগুলোর একটি দক্ষিণ কোরিয়া। একাডেমিক কৃতিত্ব ও প্রতিযোগিতার ক্ষেত্রে উচ্চশিক্ষিত ও পেশাদার ফোরামে দেশটির রয়েছে একটি অভিজাত অবস্থান।
বিগত কয়েক বছর ধরে কিউএস ওয়ার্ল্ড র্যাংকিংয়ের শীর্ষ শতকে রয়েছে দেশটির ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এগুলো হলো- সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (৩১), কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৫৩), ইয়োনসেই বিশ্ববিদ্যালয় (৫৬), কোরিয়া ইউনিভার্সিটি (৬৭) ও পোহং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (৯৮)।
দক্ষিণ কোরিয়ার অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল হওয়ায় ছাত্রছাত্রীদের চাকরি নিয়ে তেমন বিড়ম্বনা পোহাতে হয় না। প্রতিটি জব সেক্টর একদম শিক্ষানবিশ পর্যায় থেকে জব স্যাটিস্ফেকশন নিশ্চিত করায় কাজে পাওয়া যায় নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনা।
জীবনযাত্রার খরচ সংক্রান্ত বৃহৎ অনলাইন ডাটাবেজ নাম্বিও অনুসারে বিশ্বে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা সরবরাহে দক্ষিণ কোরিয়ার অবস্থান দ্বিতীয়। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান মাথাপিছু আয় এবং ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো বিশেষণগুলোও যুক্ত হয়েছে দেশটির চলমান প্রেক্ষাপটের সঙ্গে। সর্বোপরি, প্রযুক্তিগত অগ্রগতির মাঝে বসবাসের জন্য পূর্ব এশিয়ার সেরা গন্তব্য এই দেশটি।
দক্ষিণ কোরিয়ার সেরা বিশ্ববিদ্যালয় ও চাহিদা সম্পন্ন কোর্সের তালিকা
বিশ্বব্যাপী স্বনামধন্য দক্ষিণ কোরিয়ার প্রথম সারির ১০টি শিক্ষা প্রতিষ্ঠান:
· সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি
· কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
· ইয়োনসেই বিশ্ববিদ্যালয়
· কোরিয়া ইউনিভার্সিটি
· পোহং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
· সুংকিউনকওয়ান বিশ্ববিদ্যালয়
· হ্যানিয়াং বিশ্ববিদ্যালয়
· উলসান ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
· দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
· কিউং হি ইউনিভার্সিটি
এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য জনপ্রিয় কয়েকটি বিষয়-
অর্থনীতি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ফাইন্যান্স, ফ্যাশন, আন্তর্জাতিক বাণিজ্য, হস্পিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ডিজাইন মিডিয়া, আন্তর্জাতিক সম্পর্ক ও বায়োটেকনোলজি
দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবেদনের উপায়
প্রতিটি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির জন্য নিজস্ব অনলাইন পোর্টাল ব্যবহার করে। তাছাড়া ভর্তি কার্যক্রম শুরুর সময়কাল এবং পূর্বশর্তগুলোও শিক্ষা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হয়ে থাকে। তাই চূড়ান্ত আবেদনের পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট চেক করা উচিত।
ভর্তির আবেদনগুলো সাধারণত সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার অন্তত ৩ থেকে ৪ মাস আগে জমা নেওয়া হয়। গড়পড়তায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মৌসুম প্রধানত দুটি। প্রথমটি হলো স্প্রিং সেমিস্টার, যার আবেদন গ্রহণ মার্চ থেকে জুন মাসে শুরু হয়ে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলে।
দ্বিতীয়টি হলো ফল সেমিস্টার, যে মৌসুমের আবেদন গ্রহণ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অব্দি শুরু করা হয়। আর ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ হয় মে থেকে জুন মাসের মধ্যে।
ভর্তির আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
· সম্পূর্ণ পূরণকৃত আবেদনপত্র
· পাসপোর্ট
· পাসপোর্ট সাইজের ছবি
· উচ্চ মাধ্যমিক সনদ বা সমমানের ডিপ্লোমা
· ইংরেজি ভাষা দক্ষতা সনদ: টোফেল (ন্যূনতম ৭১) বা আইইএলটিএস (কমপক্ষে ৫ দশমিক ৫)
· পার্সোনাল স্টেটমেন্ট
· ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সহায়তার হলফনামা
· লেটার অব রিকমেন্ডেশন
· সিভি
· পিতামাতার পাসপোর্ট বা পরিচয়পত্র (এনআইডি)
মাস্টার্সে আবেদনের জন্য অতিরিক্ত নথি
· ব্যাচেলর ডিগ্রি বা সমমানের ডিপ্লোমা সনদ ও ট্রান্সক্রিপ্ট
· কাজের অভিজ্ঞতা (প্রোগ্রাম বিশেষে প্রযোজ্য)
পিএইচডি আবেদনের নথি
· স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিপ্লোমা সনদ ও ট্রান্সক্রিপ্ট
· মাস্টার্স থিসিস বা গবেষণার প্রস্তাবনা
দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন
আবেদন অনুযায়ী ভর্তির অফার লেটার প্রাপ্তির পরপরই প্রথম পদক্ষেপ হচ্ছে ভিসার কাজ শুরু করা। বাংলাদেশি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী অধ্যয়নের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার ডি-২ ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসায় প্রাথমিকভাবে ২ বছর পর্যন্ত মেয়াদ মঞ্জুর করা হয়। আর একক এন্ট্রি ভিসার মেয়াদ ৩ মাস।
আবেদনের জন্য সরাসরি চলে যেতে হবে কোরিয়ান ভিসা পোর্টালে-
https://www.visa.go.kr/openPage.do?MENU_ID=1020408
এই লিংকের ফর্ম পূরণের সময় ভিসার জন্য দরকারি সব নথিপত্র আপলোড করতে হবে। তারপর ই-ফর্মটি বারকোডসহ প্রিন্ট করে আপলোডকৃত নথির হার্ড কপিসহ একত্রে কোরিয়ান দূতাবাস বা কন্স্যুলেটে জমা দিতে হবে।
ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
· প্রিন্ট করা স্টুডেন্ট ভিসার আবেদনপত্র বা ই-ফর্ম
· বিগত ৬ মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি
· দক্ষিণ কোরিয়ায় পৌঁছার দিন থেকে পরবর্তী ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট
· কভার বা ফরোয়ার্ডিং লেটার
· দক্ষিণ কোরিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রাপ্ত ভর্তির অফার লেটার
· জন্ম সনদপত্র
· সিটি কর্পোরেশন বা ইউনিয়ন অফিস কর্তৃক ইস্যুকৃত পারিবারিক সম্পর্কের সার্টিফিকেট
· আবেদনকারীর নিজের বা গ্যারান্টরের আর্থিক সামর্থ্য প্রমাণ করার জন্য তার ব্যাংক স্টেটমেন্ট
· আবেদন সংক্রান্ত ও অধ্যয়নের জন্য বিদেশে বসবাসের নিমিত্তে পিতামাতার অনাপত্তি পত্র (এনওসি)
· পিতামাতার জাতীয় পরিচয়পত্র
· বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রদত্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
· শিক্ষাগত যোগ্যতা প্রমাণ স্বাপেক্ষে যাবতীয় সনদ ও ট্রান্সক্রিপ্ট
· এই নথিগুলো অবশ্যই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিগত ৩ মাসের মধ্যে নোটারিকৃত হতে হবে। আবেদনের সঙ্গে এগুলোর আসল ও ফটোকপি উভয়ই জমা দিতে হবে।
· জাতীয়ভাবে স্বীকৃত যক্ষ্মা পরীক্ষা কেন্দ্র দ্বারা বিগত ৩ মাসের মধ্যে জারিকৃত যক্ষ্মা পরীক্ষার ফলাফল
· বিগত ২ বছরের মধ্যে জারিকৃত ইংরেজি ভাষা শিক্ষার সার্টিফিকেট (টোফেল বা আইইএলটিএস)
· কোরিয়ান ভাষা দক্ষতার শংসাপত্র (দক্ষিণ কোরিয়া স্বীকৃত): কোরিয়ান ভাষা শিক্ষা বা এই ভাষার প্রোগ্রামগুলোতে অধ্যয়নের ক্ষেত্রে প্রযোজ্য
ভিসা আবেদন জমা প্রদান
আবেদনপত্রসহ যাবতীয় নথিপত্র নিয়ে কনস্যুলেটে যাওয়ার পূর্বে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এর জন্য https://www.g4k.go.kr/cipl/0100/login.do- লিংকে যেয়ে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। অতঃপর এই অ্যাকাউন্টের অধীনে নথিপত্র জমাদানের জন্য নির্দিষ্ট তারিখ ও সময়ের জন্য আবেদন করা যাবে। এই আবেদনের সময় প্রদানকৃত নাম, ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, পাসপোর্ট বা এনআইডি ভিসার আবেদনের সঙ্গে হুবহু মিল থাকতে হবে।
মনোনীত নির্দিষ্ট দিনক্ষণের ব্যাপারে ফোন নাম্বার ও ইমেইল ঠিকানায় জানানো হবে।
কন্স্যুলেটের ঠিকানা: ৪, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২ বাংলাদেশ
ভিসার কাগজপত্র জমা দেওয়ার জন্য কন্স্যুলেটরে যাওয়ার সময় প্রতি কার্যদিবসে (রবি থেকে বৃহস্পতিবার) বিকাল ৩ থেকে ৪টা।
ভিসা সংগ্রহ ও প্রক্রিয়াকরণের আনুষঙ্গিক খরচ
চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আবেদন জমা করার পর থেকে ৭ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। অবশ্য নথিপত্রে জটিলতা থাকলে এই সময় আরও প্রলম্বিত হতে পারে। এ সময় অনলাইনে ভিসার সর্বশেষ অবস্থা জানা যেতে পারে। তার জন্য যেতে হবেhttps://www.visa.go.kr/openPage.do?MENU_ID=10301- লিংকে।
ভিসা প্রস্তুত হয়ে গেলে তা ভিসা পোর্টাল, এসএমএস ও ই-মেইলের মাধ্যমে প্রার্থীকে জানানো হবে। আর ভিসা সরবরাহের সময় প্রতি কার্যদিবসে বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা।
৯০ দিনের বেশি মেয়াদের একক প্রবেশাধিকার বিশিষ্ট ডি-২ ভিসার ফি ৬০ মার্কিন ডলার বা ৬ হাজার ৬০০ টাকা। দক্ষিণ কোরিয়ান দূতাবাস অনুসারে এখানে ডলারের নির্ধারিত বিনিময় হার মার্কিন ডলার প্রতি ১১০ বাংলাদেশি টাকা। কন্স্যুলেট অফিসে ভিসার কাগজপত্র জমা দেওয়ার সময় এই ফি পরিশোধ করতে হবে।
দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার সম্ভাব্য খরচ
বিশ্ববিদ্যালয়, অধ্যয়নের বিষয় ও ডিগ্রির পর্যায়ের ওপর ভিত্তি করে পড়াশোনার খরচ ভিন্ন হয়ে থাকে। তার মধ্যে ব্যাচেলর কোর্সগুলোতে প্রয়োজন হয় সাধারণত ৪৩ লাখ থেকে ৩ কোটি ৩৯ লাখ কোরিয়ান ওন। এই বাজেট ৩ লাখ ৭০ হাজার ১৯ থেকে ২৯ লাখ ১৭ হাজার ১২৫ টাকার (১ দক্ষিণ কোরিয়ান ওন = শূন্য দশমিক ০৮৬ বাংলাদেশি টাকা) সমান। আর স্নাতকোত্তরের জন্য বাজেট রাখতে হবে ৫০ লাখ ৭০ হাজার থেকে ৫ কোটি ৮ লাখ ওন। পরিমাণটি ৪ লাখ ৩৬ হাজার ২৭৮ থেকে ৪৩ লাখ ৭১ হাজার ৩৮৫ টাকার সমতুল্য।
জীবনযাত্রার খরচের ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে রাজধানী সিউল। অপরদিকে বুসান এবং ইঞ্ছনের মতো শহরগুলোর নিত্যনৈমিত্তিক খরচ যথেষ্ট কম।
লিপস্কলার অনুসারে বাড়িভাড়া বাদে দক্ষিণ কোরিয়ার প্রধান শহরগুলোতে জীবনযাত্রার অন্যান্য মাসিক খরচ নিম্নরূপ-
· সিউল: ১৫ লাখ ৫০ হাজার ১০৬ ওন বা ১ লাখ ৩৩ হাজার ৩৮৮ টাকা
· বুসান: ১৩ লাখ ৪৭ হাজার ৭০৯ ওন বা ১ লাখ ১৫ হাজার ৯৭২ টাকা
· জেজু: ১৪ লাখ ৯৮ হাজার ৭৭৮ ওন বা ১ লাখ ২৮ হাজার ৯৭১ টাকা
· দেজেওন: ১৬ লাখ ১০ হাজার ২০৫ ওন (১ লাখ ৩৮ হাজার ৫৬০ টাকা)
· ইঞ্ছন: ১৩ লাখ ৭৪ হাজার ৭৮৭ ওন (১ লাখ ১৮ হাজার ৩০২ টাকা)
এগুলোর সঙ্গে আবাসন খাতে যে বাজেট রাখতে হবে তা হলো-
· সিউল: ১১ লাখ ৫৪ হাজার ৬১১ ওন বা ৯৯ হাজার ৩৫৫ টাকা
· বুসান: ৫ লাখ ৭২ হাজার ৫০০ ওন (৪৯ হাজার ২৬৪ টাকা)
· জেজু: ১৮ লাখ ৭৯ হাজার ৭৪৩ ওন (১ লাখ ৬১ হাজার ৭৫৪ টাকা)
· দেজেওন: ৪ লাখ ২১ হাজার ৬৬৬ ওন (৩৬ হাজার ২৮৫ টাকা)
· ইঞ্ছন: ৫ লাখ ২৫ হাজার ওন (৪৫ হাজার ১৭৭ টাকা)
দক্ষিণ কোরিয়ায় স্কলারশিপের সুবিধা
অধ্যয়ন ও জীবনযাত্রার বাজেটের অর্থ সঙ্কুলানের জন্য দেশটিতে রয়েছে পর্যাপ্ত স্কলারশিপের সুবিধা।
ইয়নসেই ইউনিভার্সিটিতে স্নাতক প্রোগ্রামের জন্য পূর্ণ, অর্ধেক, বা প্রতি সেমিস্টারের এক-তৃতীয়াংশ অর্থ সহায়তার ব্যবস্থা রয়েছে।
একইভাবে কোরিয়া ইউনিভার্সিটিও আংশিক বা সম্পূর্ণ অধ্যয়ন খরচ বহন করে থাকে।
হ্যানিয়াং ইন্টার্ন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড্স অধ্যয়ন ফি ৭০, ৫০ বা ৩০ শতাংশ মওকুফ করে।
বেশ কিছু বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ে অধ্যয়নের জন্য পূর্ণ তহবিল প্রদান করে। তার মধ্যে স্যামসাং গ্লোবাল হোপ স্কলারশিপ প্রোগ্রাম পূর্ণ টিউশন ফি ছাড়াও আন্ডারগ্রাজুয়েটদের প্রতি সেমিস্টারে দেয় ৩৯ লাখ ওন (৩ লাখ ৩৫ হাজার ৫৯৮ টাকা)। আর গ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হয় প্রতি সেমিস্টারে ৩৫ থেকে ৫০ লাখ ওন। তহবিলটি প্রায় ৩ লাখ ১ হাজার ১৭৮ থেকে ৪ লাখ ৩০ হাজার ২৫৪ টাকার সমতুল্য।
গ্লোবাল কোরিয়া স্কলারশিপ আন্ডারগ্রাজুয়েট ও পোস্ট-গ্রাজুয়েট উভয় পর্যায়ে পূর্ণ অর্থ সহায়তা দেয়।
পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরির সুযোগ
অধ্যয়নকালীন খণ্ডকালীন চাকরির জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই ন্যূনতম এক সেমিস্টার শেষ করতে হবে। এই শর্তে আন্ডারগ্রাজুয়েট ছাত্র-ছাত্রীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ও গ্রাজুয়েট শিক্ষার্থীরা ৩০ ঘণ্টা কাজ করতে পারবে। প্রচলিত ডিগ্রি সম্পন্ন হওয়ার পর, যারা থিসিসে কাজ করছেন তারাও সপ্তাহে ৩০ ঘণ্টা পর্যন্ত কাজের অনুমতি পান।
লিপস্কলার অনুসারে, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কিছু খণ্ডকালীন চাকরি ঘণ্টাপ্রতি মজুরিসহ উল্লেখ করা হলো-
· ক্যাশিয়ার: ৯ থেকে ১০ হাজার ওন বা ৭৭৪ থেকে ৮৬১ টাকা
· সেলস অ্যাসোসিয়েট: ১১ থেকে ১২ হাজার ওন (৯৪৭ থেকে ১ হাজার ৩৩ টাকা)
· প্যাকেজ হ্যান্ডলার: ১৩ থেকে ১৪ হাজার ওন (১ হাজার ১১৯ থেকে ১ হাজার ২০৫ টাকা)
· লেকচারার: ৫১ থেকে ৫৫ হাজার ওন (৪ হাজার ৩৮৯ থেকে ৪ হাজার ৭৩৩ টাকা)
· প্রাইভেট টিউশন: ২৬ থেকে ২৮ হাজার ওন (২ হাজার ২৩৭ থেকে ২ হাজার ৪০৯ টাকা)
· গবেষণা সহকারী: ১২ থেকে ১৩ হাজার ওন (১ হাজার ৩৩ থেকে ১ হাজার ১১৯ টাকা)
· প্রশাসনিক সহকারী: ৬ থেকে ৭ হাজার ওন (৫১৬ থেকে ৬০২ টাকা)
শেষাংশ
দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা লাভের নেপথ্যে মূল আকর্ষণ হচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো। পাঠ্যক্রমে ইংরেজি ভাষার গুরুত্ব থাকার ফলে নিজেদের পছন্দমতো বিষয় নির্বাচন করতে পারছে বিদেশি ছাত্র-ছাত্রীরা। তবে খণ্ডকালীন কাজের জন্য কোরিয়ান ভাষায় পারদর্শিতা অর্জন জরুরি। এটি পড়াশোনার পাশাপাশি জীবনধারণকেও সহজ করে তুলবে। বিশেষত স্কলারশিপ অর্জনের ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করতে পারে এই ভাষা দক্ষতা। উপরন্তু, ভর্তি প্রক্রিয়া চলাকালীন স্কলারশিপ নিশ্চিত করা গেলে তা ভিসা প্রক্রিয়াকরণের ক্ষেত্রেও সহায়ক হবে।
৫৮৪ দিন আগে
শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ
শেয়ারের দরপতনের প্রতিবাদে মতিঝিলে ডিএসই ভবনের সামনে মানববন্ধন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীরা।
সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পুঁজিবাদী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
বিগত চার মাসের মধ্যে রবিবার সূচক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগও দাবি করেন।
আরও পড়ুন: ৪ মাসের মধ্যে ডিএসই সূচকের বড় পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, বিএসইসি বাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগে আগের সরকারের একদল সুবিধাভোগীর বিরুদ্ধে তদন্ত শুরু করায় এবং তাদের জরিমানা করায় নিয়ন্ত্রক সংস্থার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা।
ফলে যৌক্তিক কারণ ছাড়াই তারা বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: ডিএসইতে ঊর্ধ্বগতি প্রবণতায় ৩৫৮.২২ কোটি টাকার লেনদেন
৫৮৪ দিন আগে
২৬ অক্টোবর পর্যন্ত বৈধ চ্যানেলে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
বাংলাদেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স বেড়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরে অক্টোবরে বিদেশে কর্মরত নাগরিকরা প্রতিদিন গড়ে ৭৫ মিলিয়ন ডলার পাঠাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর পর্যন্ত দেশে ১.৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
আরও পড়ুন: অক্টোবরে ১৯ দিনে ১.৫৫৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে রেমিট্যান্স এসেছে ৫৪৭ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে রেমিট্যান্স এসেছে ৯৯.৯৯ মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি খাতের ৪২টি ব্যাংকে মোট ১.২৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ছয়টি বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৫.১২ মিলিয়ন ডলার এসেছে।
তবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ শূন্যের মুখে পড়েছে নয়টি ব্যাংকের। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (আরকেইউবি), বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক।হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়াসহ বিদেশি ব্যাংকগুলোতেও রেমিট্যান্স লেনদেন হয়নি।
আরও পড়ুন: অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৯৮৬ মিলিয়ন ডলার
৫৮৫ দিন আগে
পেট্রাপোলে আসছেন অমিত শাহ, বেনাপোলে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক প্যাসেঞ্জার টার্মিনালটি রবিবার (২৭ অক্টোবর) উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এই উপলক্ষে শনিবার ও আগামীকাল রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপেস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। রৈরী আবহাওয়ার কারণে সিদ্ধান্ত পরিবর্তন করে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল (রবিবার) পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগমনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আজ শনিবার ও আগামীকাল রবিবার দুইদিন বেনাপোল-পেট্রপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাইনি। তবে আগামী সোমবার (২৮ অক্টোবর) থেকে আবারও এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হবে।
আরও পড়ুন: বেনাপোল-পেট্রাপোল বন্দরে ৪ দিন বন্ধ আমদানি-রপ্তানি
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে পেট্রাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ নিয়ে তেমন কিছুই জানায়নি। তাই আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত আগের মতোই স্বাভাবিক থাকবে।
ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, এশিয়ার বৃহত্তম পেট্টাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি-রপ্তানি কার্যক্রম দুইদিন বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।
আগামী সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।
আরও পড়ুন: বেনাপোল বন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
৫৮৬ দিন আগে
শিল্পপ্রতিষ্ঠানের জন্য আমদানি নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক শিল্পপ্রতিষ্ঠানের জন্য আমদানি সহজ করতে নতুন ব্যবস্থা প্রবর্তন করেছে। যাতে তারা একটি চুক্তির চিঠির মাধ্যমে প্রথাগত ক্রেডিট লেটার (এলসি) ছাড়াই অগ্রসর হতে পারে। বাণিজ্য নমনীয়তা বাড়ানোর লক্ষ্যে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক বিনিময় ও নীতি বিভাগ থেকে এই নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়েছে, নতুন নির্দেশনায় প্রাথমিকভাবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) মতো বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে আমদানি সুবিধা হবে।
প্রজ্ঞাপনে স্বল্পমেয়াদি আমদানি ঋণের বিধানের রূপরেখা দেওয়া হয়েছে, যা স্ট্যান্ডার্ড ব্যবস্থার আওতায় বিদেশি পণ্যের অব্যাহত প্রবেশাধিকার নিশ্চিত করে।
নতুন ব্যবস্থায় আমদানিকারকরা তাদের আমদানি দায় নিষ্পত্তির জন্য স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ স্বাধীনভাবে সুরক্ষিত করতে পারবেন। তদুপরি, বিদেশি ঋণদাতাদের এলসি, স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) বা সরবরাহকারীদের নিশ্চয়তা দেওয়ার অনুমতি দেওয়া হবে। মূল ঋণের পরিমাণ এবং কোনো সম্পর্কিত সুদ উভয়ই ঋণের সম্মত শর্ত অনুসারে পরিশোধ করতে হবে।
এছাড়া স্বল্পমেয়াদি আমদানি ঋণের সুবিধার্থে করপোরেট, ব্যক্তিগত বা তৃতীয় পক্ষের গ্যারান্টির সাধারণ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটি আমদানিকারকদের তাদের আর্থিক বাধ্যবাধকতা পরিচালনায় আরও নমনীয়তা দেয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চুক্তির আওতায় বাণিজ্যিক আমদানি ৬০ দিন পর্যন্ত ঋণ পরিশোধের সময়সীমাসহ স্বল্পমেয়াদি বৈদেশিক ঋণ সুবিধা থেকে উপকৃত হবে, যা বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত শিল্প প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত সহায়তার প্রস্তাব দেবে।
শিল্প সংশ্লিষ্ট নেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা তুলে ধরেছেন, নতুন সিস্টেমটি তৃতীয় দেশের আমদানি বা তৃতীয় দেশের এলসি সম্পর্কিত অস্পষ্টতা দূর করে।
৫৮৮ দিন আগে
ইইউ'র পোশাক আমদানি কমেছে ৩.৬৩ শতাংশ, বাংলাদেশের রপ্তানি কমেছে ৩.৫৩ শতাংশ
পোশাক আমদানি কমিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩ দশমিক ৬৩ শতাংশ পোশাক আমদানি কমেছে। এটি পোশাকের ব্যবহার হ্রাসের বিস্তৃত বৈশ্বিক প্রবণতাকে তুলে ধরে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট আমদানি ৬১ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৫৯.৩২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অন্যতম শীর্ষ পোশাক সরবরাহকারী বাংলাদেশের রপ্তানি ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
এই হ্রাস ইইউ পোশাকের চাহিদার সামগ্রিক হ্রাসকে প্রতিফলিত করে, তবে বৈশ্বিক সরবরাহ চেইনে গতিশীলতার পরিবর্তন নিয়ে প্রশ্নও রয়েছে।
আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার: বিজিএমইএ
ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীনের পোশাক রপ্তানি ৪ দশমিক ১০ শতাংশ কমে ১ হাজার ৫৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। তুরস্ক ও ভারতের মতো অন্যান্য প্রধান সরবরাহকারীদেরও রপ্তানি হ্রাস পেয়েছে। তুরস্কের রপ্তানি ৭ দশমিক ৫২ শতাংশ কমে ৬ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে এবং ভারতের ২ দশমিক ৭৩ শতাংশ করে ৩ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ভিয়েতনামের ২ দশমিক ০৯ শতাশ কমে রপ্তানি মোট ২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।
বিপরীতে কিছু দেশ নিম্নমুখী প্রবণতা কাটিয়ে উঠেছে। ইইউতে কম্বোডিয়ার রপ্তানি ১২ দশমিক ৭৮ শতাংশ, পাকিস্তানে ৭ দশমিক ৩ শতাংশ এবং মরক্কোতে ৬ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা বৈশ্বিক পোশাক বাজারে সোর্সিং পছন্দের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।
মূল সরবরাহকারীদের মধ্যে এই বৈচিত্রগুলো বিশ্বব্যাপী পোশাক সরবরাহ শৃঙ্খলে সামান্যই পরিবর্তনের পরামর্শ দেয়।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের পেনশন চালু করার পরিকল্পনা সরকারের: আসিফ
৫৯০ দিন আগে