খেলাধুলা
গেতাফের বিপক্ষে জিতে বার্সেলোনার জয়যাত্রা অব্যাহত
হান্সি ফ্লিকের জাদুর ছোঁয়ায় যেন বদলে গেছে বার্সেলোনা। অসাধারণ ফুটবলে একের পর এক ম্যাচ জিতে চলেছে দলটি। লা লিগার সপ্তম ম্যাচেও তার ব্যতিক্রম হলো না।
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে গেতাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের ১৯তম মিনিটে লেভানডোভস্কির করা একমাত্র গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
লা লিগায় কেন উড়ছে বার্সেলোনা, মাঠের খেলায় এদিন তার স্পষ্ট প্রমাণ দেয় হান্সি ফ্লিকের শিষ্যরা। বল দখলে একক আধিপত্য বিস্তার করে অসাধারণ সব পাস, ড্রিবলিং আর ক্রমাগত চাপে নানন্দিক ফুটবল উপহার দেয় কাতালান জায়ান্টরা।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
এদিন ম্যাচ শুরুর আগে চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের প্রতি সংহতি প্রকাশ করে বার্সেলোনা।
এরপর খেলা শুরু হলে ম্যাচের প্রথম তিনটি শটই নেওয়ার সুযোগ পায় গেতাফে, তবে সেগুলোর দুটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং অপরটি ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। এরপর দশম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ৩০ গজ দূর থেকে পাওয়া ফ্রি কিক থেকে বক্সের মধ্যে ক্রস দেন লামিন ইয়ামাল, তাতে প্রথম ছোঁয়াতেই হেডারে গোল পাওয়ার চেষ্টা করেন লেভানডোভস্কি, কিন্তু বল সরাসরি গেতাফে গোলরক্ষকের কাছে চলে যায়।
এর ৯ মিনিট পর গোল পেয়ে যান লেভানডোভস্কি। ডান পাশ থেকে সতীর্থের উড়ন্ত লং পাস ধরেই সামনে এগোতে থাকা জুল কুন্দেকে পাস বাড়ান লামিন। কুন্দে বক্সের ঢুকে গোললাইন থেকে গোলমুখে ক্রস দেন, সেখানে আলগা বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার।
এই গোলে লিগে ৭ ম্যাচে তার গোলসংখ্যা হলো ৭টি, লা লিগায় এখন পর্যন্ত যা সর্বোচ্চ। পাঁচ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই সতীর্থ রাফিনিয়া এবং রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।
৫২৭ দিন আগে
মাদ্রিদ ডার্বির আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হতে আর বাকি চার দিন। এমন সময়ে রিয়াল মাদ্রিদের জন্য এলো দুঃসংবাদ। ম্যাচটির আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
বুধবার এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ের উরুতে চোট ধরা পড়েছে এমবাপ্পের। এর চেয়ে বেশি বিস্তারিত জানায়নি ক্লাবটি।
তবে ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। এই সময়ে তিনি সপ্তাহান্তে আতলেতিকো মাদ্রিদ, এরপর চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লিল এবং লা লিগায় রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারবেন না।
গতরাতে আলাভেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন এমবাপ্পে। তবে ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ৮০তম মিনিটে অস্বস্তি নিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। এরপর আজ ক্লাবের পক্ষ থেকে মেডিকেল পরীক্ষায় তার চোট ধরা পড়ল।
আরও পড়ুন: জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দলটিতে মানিয়ে নিতে যথেষ্ট ভুগতে হচ্ছে এমবাপ্পেকে। লা লিগায় শুরুর তিন ম্যাচে কোনো গোল পাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরছেন; পরের চার ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়তে শুরু করেছিল তার। এরইমাঝে এলো ছন্দপতন।
আলাভেসের বিপক্ষে জয়ের পর লা লিগায় সব মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ডটি স্পর্শ করতে মাদ্রিদ ডার্বিতে ভালো করার বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটির আগে এমবাপ্পের ছিটকে যাওয়াটা তাই রিয়ালের জন্য বড় ধাক্কা।
লা লিগায় ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা নিজেদের সপ্তম ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামছে আজ রাতে।
৫২৭ দিন আগে
৩১ বছরেই বিদায় বলে দিলেন ভারান
চোটের সঙ্গে লড়াই করতে করতে এবার থেমেই গেলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারান। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন আগেই, এবার পেশাদার ফুটবল ক্যারিয়ার থেকেও ছুটি নিয়ে নিলেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে অবসরের ঘোষণা দেন এক যুগের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে আলো ছড়ানোর পর সম্প্রতি ইতালির ক্লাব কোমোয় যোগ দেওয়া এই ফুটবলার।
তিন মৌসুম খেলার পর ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এ বছরের জুলাইয়ে ইতালিতে পাড়ি জমান ভারান। সদ্য সেরি-আয় উঠে আসা সেস্ক ফাব্রিগাসের ক্লাব কোমোয় যোগ দেন তিনি। কিন্তু ক্লাবটির হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই চোটের কবলে পড়েন তিনি।
১১ আগস্ট কোপা ইতালিয়ায় সাম্পদোরিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেই মাঠ ছাড়তে হয় তার। এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন ভারান। গতরাতে আতালান্তার মতো বড় দলকে হারিয়ে সেরি-আয় প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে তার দল। অথচ, এই ম্যাচেও তিনি দর্শক হয়ে ছিলেন।
এরপর গতরাতেই জানা যায়, অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জেতা এই ফুটবলার, আর সকাল হতেই সিদ্ধান্তটি জানিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
ইনস্টাগ্রামে ভারান লিখেছেন, ‘(ফুটবল ক্যারিয়ারে) আমি নিজের সর্বোচ্চ মান ধরে রেখেছি। প্রতিবার মাঠে নামলে আমি শক্তভাবেই নামতে চাই, খেলার জন্য জোর করে আমি (ফুটবল) আঁকড়ে থাকতে চাই না। নিজের হৃদয় ও অনুভূতি যা বলছে, তা শোনার জন্য অসামান্য সাহসের প্রয়োজন হয়।’
২০১০ সালে ফরাসি ক্লাব লঁসের জার্সিতে পেশাদার ফুটবলে প্রথম মাঠে নামেন ভারান। সেখানে এক বছর কাটানোর পর প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে সান্তিয়াগো বের্নাবেউতে নিয়ে আসে রিয়াল মাদ্রিদ।
রিয়াল মাদ্রিদের মতো এলিট ক্লাবে পা রাখতেই নিজেকে মেলে ধরা শুরু করেন ভারান। দীর্ঘ ১০ বছর ক্লাবটির জার্সিতে তিনি খেলেছেন ৩৬০ ম্যাচ। এ সময়ে জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি লা লিগাসহ মোট ১৮টি শিরোপা। এরপর ২০২১ সালে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে খেলেন তিন বছর। অবশ্য ওল্ড ট্র্যাফোর্ডে কাটানো সময়টা খুব বেশি সাফল্যমণ্ডিত হয়নি এই ফুটবলারের।
২০২৪ সালের এফএ কাপের ফাইনাল ম্যাচ দিয়ে তিনি ইংলিশ ফুটবল অধ্যায়ের সমাপ্তি ঘটান। চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোল জিতে এফএ কাপের শিরোপা উঁচিয়ে ধরার পর কোমোয় যোগ দেন ভারান। বিদায়ী বার্তায় ওই ট্রফিটিরই স্মৃতিচারণ করলেন তিনি।
‘ক্যারিয়ারে আমি অসংখ্যবার পড়েছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। তবে এবার মনে হয়েছে, থেমে যাওয়ার এখনই সময়। ওয়েম্বলিতে শেষ ম্যাচে ট্রফি জয়ের স্মৃতি নিয়ে বুটজোড়া তুলে রাখার এটাই সঠিক সময়।’
ক্যারিয়ারে কোনো অনুশোচনা নেই বলেও জানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, নিজের খেলোয়াড়ি জীবন নিয়ে গর্ববোধ হয় তার।
‘আমার কোনো অনুশোচনা নেই। আমি কোনো কিছুরই পরিবর্তন চাই না। (ক্যারিয়ারে) এত ট্রফি জিতেছি যা আমি স্বপ্নেও কখনও ভাবিনি। তবে সবকিছুর উর্ধ্বে নিজের নীতিতে অটল থাকতে পারায় আমি গর্ববোধ করি। যেখানে যা পেয়েছি, আন্তরিকতা দিয়ে তা আরও ভালো করার চেষ্টা করেছি। আশা করি, সবাইকে গর্বিত করতে পেরেছি।’
আরও পড়ুন: অবসরের বিষয়ে আগে কাউকে কিছু জানাবেন না রোনালদো
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সমৃদ্ধ ক্যারিয়ার ভারানের। ২০১৩ সালে ফ্রান্সের হয়ে অভিষেকের পর ক্রমেই জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৮ সালে জেতেন বিশ্বকাপ। এরপর ২০২০-২১ মৌসুমে ফ্রান্সের উয়েফা নেশন্স লিগজয়ী দলেও ছিলেন তিনি। পরে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে হেরে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার কাছে গিয়েও ছোঁয়া হয়নি এই ডিফোন্ডারের।
এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। এর সাত মাস না পেরোতেই ফুটবল থেকেই বিদায় নিয়ে নিলেন ভারান।
তবে খেলোয়াড়ি জীবন থেকে অবসরে গেলেও এখনই ফুটবল ছাড়ছেন না তিনি। কোমোয় মাঠের বাইরে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে। তবে সেটা ঠিক কী, তা এখনই স্পষ্ট করেননি ভারান।
এ বিষয়ে তিনি বলেছেন, ‘মাঠের বাইরে নতুন জীবন শুরু হচ্ছে। কোমোর সঙ্গেই থাকছি, তবে শুধু বুট আর শিন প্যাড পরা হবে না আর। খুব শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত জানাব।’
আরও পড়ুন: এবার বিদায় বলে দিলেন নয়ার
৫২৭ দিন আগে
সান সিরো থেকে সরানো হলো ২০২৭ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল
২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে আগেই নির্ধারিত হয়েছিল ইতালির বিখ্যাত সান সিরো স্টেডিয়াম। তবে ওই মৌসুমের ফাইনাল ম্যাচ ভেন্যুটি থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে উয়েফা।
চলতি বছরের মে মাসে ২০২৫-২৬ সালের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস আরেনার নাম ঘোষণা করে উয়েফা। একই সময়ে সান সিরোকে ২০২৬-২৭ মৌসুমের ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে নির্ধারণের কথা জানায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
মূলত, এসি মিলান ও ইন্টার মিলানের এই ঘরের মাঠটির জন্য সংস্কার কাজের উদ্যোগ নেওয়ায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
সংস্কার পরিকল্পনা হাতে নিলেও ২০২৭ ফাইনালের আগে স্টেডিয়ামটি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত হবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তা থেকেই বিকল্প ভেন্যুর দিকে নজর গেছে উয়েফার।
আগামী বছরের মে/জুন মাসে নতুন ভেন্যুর নাম প্রকাশ করা হবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
প্রসঙ্গত, সর্বশেষ সান সিরোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। সেবার টাইব্রেকারে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টুর্নামেন্টটির সফলতম দল রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, ৩৬ দল নিয়ে নতুন ফরম্যাটে শুরু হওয়া ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়ান্স আরেনায়। ২০২৫ সালের ৩১ মে অনুষ্ঠিত হবে চলতি মৌসুমের ফাইনাল।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ড্র: আবারও বায়ার্নের সামনে বার্সা, লিভারপুলকে পেল রিয়াল
৫২৮ দিন আগে
এনকুঙ্কুর হ্যাটট্রিকে লিগ কাপে চেলসির গোল উৎসব
বোর্নমাউথের পর লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে উন্নতির যে ধারা তৈরি করেছিল চেলসি, তা অব্যাহত রাখল লিগ কাপের ম্যাচেও। ফলে আরও বড় জয়ের আনন্দে ভাসল এনসো মারেসকার শিষ্যরা।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বিভাগের ইংলিশ ক্লাব ব্যারোকে ৫-০ গোলের বড় ব্যাবধানে হারিয়েছে চেলসি।
ব্লুসদের জার্সিতে খেলতে নেমে প্রথমবার হ্যাটট্রিক করে ম্যাচের পুরোটা আলো কেড়ে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার ক্রিস্তোফার এনকুঙ্কু। বাকি দুটি গোলের একটি করেন পেদ্রো নেতো এবং অপরটি আসে আত্মঘাতী গোলের মাধ্যমে।
ম্যাচজুড়ে ব্যারোর খেলোয়াড়দের ওপর ছড়ি ঘোরায় চেলসি। ৭৫ শতাংশ সময় তারা বল নিজেদের দখলে রেখে মোট ১৯ শট নেয় গোলে, যার মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। অপরদিকে, ব্যারোর নেওয়া পাঁচটি শটের লক্ষ্যে ছিল মাত্র দুটি।
আরও পড়ুন: ৫০তম ম্যাচে জ্যাকসনের জোড়া গোল, বড় জয় চেলসির
এদিন জোইয়াও ফেলিক্সের থ্রু পাস ধরে বক্সের মাঝখান থেকে নেওয়া শটে ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলটি করে শুরুতেই চেলসিকে এগিয়ে নেন এনকুঙ্কু।
এর সাত মিনিট পেরোতেই ফের গোল, গোলদাতা সেই এনকুঙ্কু। এবার মালো গুস্টোর ক্রস ধরে প্রায় আগের জায়গা থেকেই বাঁ পাশের পোস্ট বরাবর নিচু শট নেন তিনি। বল প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
এরপর ২৮তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পোড়ে সফরকারীদের। দলটির পল ফারম্যানের গোলে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলে চেলসি।
পরের মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফেলিক্সের জোরালো শট ডান পাশের পোস্টে লেগে ফিরে আসে।
এর বেশ কিছুক্ষণ পর বিরতিতে যাওয়ার আগে আরও একবার গোল পাওয়ার চেষ্টা করে চেলসি। তবে রেনাতো ভেইগার বাড়ানো পাস ধরে বক্সের বাইরে থেকে ডিফেন্ডার বেনোয়েট বাডিয়াশিলের শট ঠেকিয়ে দেন ব্যারো গোলরক্ষক। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
৫২৮ দিন আগে
জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ ছিল এটি। তবে মাঠে নেমে দারুণ এক জয়ের মাধ্যমে তাকে গুরুদক্ষিণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে দেপর্তিভো আলাভাসকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ৩-২ গোলের বড় ব্যবধানে জিতেছে আনচেলত্তির শিষ্যরা।
অবশ্য স্কোরলাইন দেখে মনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদল। তবে পুরো ম্যাচজুড়েই আলাভেসকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। আর শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক দুটি গোল পেয়ে যায় আলাভেস।
দলের হয়ে প্রথম মিনিটেই প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন রাইট ব্যাক লুকাস ভাসকেস। এরপর কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় তারা। তারপর ম্যাচের শেষ সময়ে আলাভেসের গোলদুটি করেন কার্লোস বেনাভিদেস ও কিকে গার্সিয়া।
এই জয়ে লিগে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রইল মাদ্রিদ জায়ান্টরা। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে আরও একধাপ এগোল ভিনিসিউস-এমবাপ্পেরা। শুধু তা-ই নয়, লিগে প্রথম ৬ ম্যাচ মিলিয়ে প্রথমার্ধে মাত্র একটি গোল করা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে গোল পেয়েছে দুটি।
আরও পড়ুন: নিজের ‘এক্সপায়ার ডেট’ দেখতে পাচ্ছেন না আনচেলত্তি
এদিন কার্যত গোল খেয়েই ম্যাচ শুরু করে আলাভেস। ম্যাচের ৫৪তম সেকেন্ডে বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকে গোললাইনের কাছ থেকে গোলমুখে থাকা লুকাস ভাসকেসকে পাস দেন ভিনিসিউস। বল পেয়ে প্রথম ছোঁয়াতেই গোল আদায় করে নেন ভাসকেস। ফলে অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম মিনিটেই সমর্থকদের আনন্দে ভাসান ৩৩ বছর বয়সী এই রাইট ব্যাক।
৫২৮ দিন আগে
বার্সায় খেলতে চান রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক!
গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন চোটের মিছিলে যোগ দেওয়ায় বিপদে পড়েছে বার্সেলোনা। চোটে চলতি মৌসুম প্রায় শেষই হয়ে গেছে ৩২ বছর বয়সী এই জার্মান গোলরক্ষকের।
ঘটনাটি গত রোববারের। লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে সেদিন শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরইমাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান তিনি।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
নতুন গোলরক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বৈঠক করে বার্সেলোনার পরিচালানা পর্ষদ। বৈঠকে শীতকালীন দলবদল পর্যন্ত অপেক্ষা না করে এখনই ফ্রি এজেন্ট কাউকে দলে ভেড়াতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া পত্রিকা কোপের সাংবাদিক হেলেনা কন্দিস।
এরইমধ্যে বেশ কয়েকজন গোলরক্ষেকের নামও আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
এই তালিকায় সবার ওপরে রয়েছেন অবসরে যাওয়া ক্লাবটির সাবেক চিলিয়ান গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো। ব্রাভো আগেই বলে দিয়েছেন, বার্সেলোনা চাইলে অবসর ভেঙে এই আপৎকালীন পরিস্থিতিতে ক্লাবটিকে সহযোগিতা করতে প্রস্তুত তিনি।
তবে এর চেয়েও বড় খবর হচ্ছে, রিয়াল মাদ্রিদের সাবেক এক গোলরক্ষক বার্সেলোনার গোলমুখ সামলাতে চান।
শুনতে অসম্ভব মনে হলেও এমনই খবর দিয়েছেন ট্রান্সফার গুরু ইতালিয়ান সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো।
৫২৮ দিন আগে
টের স্টেগেনের চোট: বিকল্প খুঁজলেও পেনিয়াতেই আস্থা ফ্লিকের
চোটের কারণে মৌসুমই প্রায় শেষ হয়ে গেছে বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের। ফলে নতুন করে তার বিকল্প খুঁজতে হচ্ছে ইতোমধ্যে আর্থিক সংকটে জর্জরিত ক্লাবটিকে। তবে দ্বিতীয় গোলরক্ষক ইনিয়াকি পেনিয়ার ওপরই আস্থা রাখার কথা জানিয়েছেন বার্সা বস হান্সি ফ্লিক।
ভিয়ারিয়ালের মাঠে গত রোববার খেলতে গিয়ে শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করতে থাকেন টের স্টেগেন। এরই মাঝে বিরতির কিছুক্ষণ আগে লাফিয়ে উঠে অসাধারণ একটি সেভ করতে গিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে বাজেভাবে পড়ে যান ৩২ বছর বয়সী এই জার্মান।
এরপর মাঠেই টিম ফিজিওরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, কিন্তু অবস্থা এতটাই গুরুতর হয়ে পড়ে যে, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচটি ৫-১ গোলে জেতার পর ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের বরাতে জানা যায়, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে যেতে চলেছেন এই গোলরক্ষক। পরেরদিন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ডান পায়ের ‘প্যাটেলা টেন্ডন’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টের স্টেগেনের। সোমবার তার পায়ে সফল অস্ত্রোপচার হয়েছে। পুরোপুরি সেরে উঠতে অন্তত আট মাস সময় লাগতে পারে এই গোলরক্ষকের।
টের স্টেগেন চোটে পড়ার পর থেকেই তার বিকল্প খোঁজার কথা চাউর হয়েছে। এক্ষেত্রে নতুন গোলরক্ষক দলে ভেড়াতে আগামী জানুয়ারি মাসের শীতকালীন দলবদল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে বার্সেলোনা। তবে লা লিগার নিয়ম অনুযায়ী, চুক্তির বাইরে আছেন (ফ্রি এজেন্ট), এমন গোলরক্ষক তারা এখনই দলে ভেড়াতে পারে।
৫২৮ দিন আগে
ইসরায়েল-হিজবুল্লাহ লড়াইয়ের জেরে লেবাননে সব ফুটবল ম্যাচ স্থগিত
হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাতে লেবাননজুড়ে হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে হামলায় ব্যাপক হতাহতের পর দেশটিতে অনুষ্ঠিত সব ধরনের ফুটবল ম্যাচ স্থগিত করেছে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশন (এলএফএ)।
মঙ্গলবার লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের হামলায় ৩৫ শিশু ও ৫৮ নারীসহ ৪৯২ জন নিহত এবং ১ হাজার ৬৪৫ জন আহত হয়েছে। এছাড়া আত্মরক্ষায় দেশটির দশ হাজারের বেশি বেসামরিক নাগরিক বাসস্থান ছাড়তে বাধ্য হয়েছে।
এরপর এক ঘোষণায় এলএফএ জানিয়েছে, ‘দেশের বর্তমান পরিস্থিতির কারণে লেবানিজ ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি সব ধরনের টুর্নামেন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৯২
উল্লেখ্য, গত সপ্তাহে ২০২৪-২৫ মৌসুমের লেবানিজ প্রিমিয়ার লিগ শুরু হয়। তবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে গত বছর থেকে জাতীয় দলের ম্যাচগুলো নিজ দেশে আয়োজন করছে না লেবানন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো তারা কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে আসছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে নিজেদের সাম্প্রতিক হোম ম্যাচগুলো দেশের বাইরে আয়োজন করেছে ফিলিস্তিন ও ইসরায়েলও। ফিলিস্তিন তাদের ম্যাচগুলো কুয়েত ও কাতারে এবং ইসরায়েল তাদের নেশন্স লিগের হোম ম্যাচগুলো আয়োজন করছে হাঙ্গেরিতে।
৫২৮ দিন আগে
নিজের ‘এক্সপায়ার ডেট’ দেখতে পাচ্ছেন না আনচেলত্তি
বয়স ছাড়িয়েছে ৬৫ বছর, এখনও বিশ্বের অন্যতম সেরা ক্লাবের দায়িত্ব নিয়ে একের পর এক সফলতা পেয়ে চলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। বয়স বাড়লেও কোচিং থেকে এখনই অবসরে যাওয়ার কথা ভাবছেন না এই ইতালিয়ান।
মঙ্গবার রাতে লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে আলাভেসকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটির মাধ্যমে ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ কোচিংয়ের মাইলফলক স্পর্শ করবেন আনচেলত্তি।
এই ম্যাচের আগে সোমবার সংবাদ সম্মেলন করেন রিয়াল মাদ্রিদ বস। সেখানে সাংবাদিকরা তার অবসরে যাওয়ার প্রসঙ্গটি তুললে বিষটি স্পষ্ট করেন তিনি। অবসরের প্রশ্নে মাদ্রিদে আরও অনেক বছর থেকে যাওয়ার ইচ্ছার কথা জানান আনচেলত্তি।
আরও পড়ুন: ভালো খেলার চেয়ে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ: আনচেলত্তি
তার ভাষ্য, ‘এই কাজটি আমি ভালোবাসি, তাই (নিজের) ভবিষ্যত নিয়ে এখনই কিছু ভাবতে চাই না। ক্যারিয়ারে বেশকিছু বড় বড় ক্লাবের কোচ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়। বিশ্বের সেরা ক্লাবে (রিয়াল মাদ্রিদ) আমি ৩০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে চলেছি। এই ডাগআউটে বসে এমন অর্জন সত্যিই বিশেষ কিছু, অলৌকিক বিষয়ের চেয়ে এটি কম কিছু নয়।’
‘খেলোয়াড়দের ক্লান্তির সঙ্গে আমার ক্লান্তির তুলনা করবেন না। হ্যাঁ, প্রেসার (চাপ) আছে সত্যি, তবে আমি তা উপভোগ করি। এই মুহূর্তে আমি নিজের কোনো এক্সপায়ার ডেট (কোচ হিসেবে) দেখছি না। আসন্ন আরও অনেক বছর আমি এখানেই থাকতে চাই।’
কার্লো আনচেলত্তির তত্ত্বাবধায়নে গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতে রিয়াল মাদ্রিদ। ওই মৌসুম থেকে এখন পর্যন্ত লা লিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত মাদ্রিদ জায়ান্টরা।
গত মৌসুমে মাত্র দুটি ম্যাচ হেরেছিল রিয়াল, দুটিই তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ৩-১ ব্যবধানে প্রথমবার তারা হারে লা লিগায় গত বছরের ২৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ম্যাচটি কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে। চলতি বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত ওই ম্যাচটি রিয়াল মাদ্রিদ হেরেছিল ৪-২ ব্যবধানে।
আরও পড়ুন: আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
টানা ৩৮ ম্যাচ জিতে লা লিগায় টানা সর্বোচ্চ সংখ্যক ম্যাচ জয়ের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তের রয়েছে আনচেলত্তির শিষ্যরা। ৪৩ ম্যাচ জিতে এই রেকর্ড এখন বার্সেলোনার। ২০১৭ সালের এপ্রিল থেকে পরের বছরের মে মাসের মধ্যে কোচ লুইস এনরিকে ও এর্নেস্তো ভালভার্দের তত্ত্বাবধায়নে ওই রেকর্ড গড়ে কাতালান জায়ান্টরা।
তবে মজার ব্যাপার হচ্ছে, আগামী ২৭ অক্টোবর বার্সেলোনার বিপক্ষেই ওই রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে লস ব্লাঙ্কোসদের। এরপর ৩ নভেম্বর ভালেন্সিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি জিতলে রেকর্ডটি নিজেদের করে নেবে তারা।
অবশ্য এই গৌরব অর্জনে তার আগে কঠিন পথ পাড়ি দিতে হবে আনচেলত্তির শিষ্যদের। আলাভেস ম্যাচের পর আগামী ২৯ সেপ্টেম্বর তাদের পরবর্তী প্রতিপক্ষ সেই আতলেতিকো মাদ্রিদ। শুধু তা-ই নয়, চলতি মৌসুমের মাদ্রিদ ডার্বিটি আবার অনুষ্ঠিত হবে আতলেতিকোর সিভিতাস মেত্রোপলিতানোয়। ফলে সেখানে কঠিন পরীক্ষা দিয়েই উৎরাতে হবে ভিনিসিউস-এমবাপ্পেদের।
আরও পড়ুন: আনচেলত্তির ‘কৌতুকে’ ভড়কে গিয়েছিলেন বেলিংহ্যাম
তার পরের দুই প্রতিপক্ষ ভিয়ারিয়াল ও সেল্তা ভিগো। নতুন কোচ মার্সেলিনোর কোচিংয়ে এ মৌসুমের শুরুটা বেশ ভালো করেছে ভিয়ারিয়াল। তাদের খেলায়ও এসেছে যথেষ্ট ধার, গত কয়েক ম্যাচেই তা স্পষ্ট হয়েছে। এছাড়া, গত কয়েক মৌসুম ধরে ভুগতে থাকা সেল্তা ভিগোও এবার দারুণ ছন্দে রয়েছে। ছয় ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে ক্লাউদিও গিরালদেসের শিষ্যরা। ভিয়ারিয়াল, বার্সেলোনার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে হারলেও ম্যাচজুড়ে তাদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
এই সব বাধা অতিক্রম করে রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত রেকর্ডটি নিজেদের করে নিতে পারে কিনা, তা দেখতে উন্মুখ হয়ে রয়েছে ক্লাবটির সমর্থকরা।
৫২৮ দিন আগে