খেলাধুলা
৫০তম ম্যাচে জ্যাকসনের জোড়া গোল, বড় জয় চেলসির
ব্লুজদের জার্সি পরে মাঠে নামার পঞ্চাশতম উপলক্ষ ছিল নিকোলাস জ্যাকসনের জন্য। আর বিশেষ এই দিনটি জোড়া গোল করে রাঙিয়েছেন ২৫ বছর বয়সী এই সেনেগালিজ স্ট্রাইকার।
লন্ডন স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার বিকালে প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে চেলসি।
দলের হয়ে জোড়া গোল করেন জ্যাকসন এবং তৃতীয় ও জয়সূচক গোলটি করেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার কোল পালমার।
ঘরের মাঠে এদিন বলের দখল ও আক্রমণে চেলসির চেয়ে এগিয়ে ছিল হ্যামার্সরা। তাদের ৫২ শতাংশের বিপরীতে ৪৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রাখতে সমর্থ হয় চেলসি। এছাড়া ম্যাচজুড়ে মোট ১৫টি শট নিয়ে তার ৭টি লক্ষ্যে রেখেও গোল পায়নি ইউলেন লোপেতেগির শিষ্যরা। অন্যদিকে, ১২টি শটের পাঁচটি লক্ষ্যে রেখে তা থেকে তিনটি গোল আদায় করে নেয় চেলসি।
আরও পড়ুন: মাদুয়েকের হ্যাটট্রিকে গোল উৎসব করে জয়ে ফিরল চেলসি
ম্যাচের চতুর্থ মিনিটেই এদিন গোল করে চেলসিকে এগিয়ে নেন জ্যাকসন। জেডন স্যানচোর বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিক ধরে এগিয়ে গিয়ে বক্সের মধ্যে ঢুকে শট নেন এই সেনেগালিজ। রক্ষণ থেকে ওয়েস্ট হ্যামের ডিফেন্ডাররা তাকে খুব বেশি চ্যালেঞ্জ জানাতে না পারায় শেষে বল জালে জড়িয়ে দেন এই স্ট্রাইকার।
এর ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জ্যাকসন। এবার মোইসেস কাইসেদোর ডিফেন্সচেরা পাস ধরে বক্সে ঢুকে ঠিকানা খুঁজে নেন তিনি।
বিরতির আগে অবশ্য একবার জালের দেখা পায় ওয়েস্ট হ্যাম, কিন্তু মোহাম্মদ কুদুসের সেই গোলটি অফসাইডে কাটা পড়ে।
এরপর দুই গোলের ব্যবধান ধরে রেখে বিরতিতে গেলেও ফিরে এসেই ৪৭তম মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যান চলতি মৌসুমে উড়তে থাকা ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। এবার তাকে অ্যাসিস্ট করেন জ্যাকসন। এর ফলে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে ৪ গোল ও দুই অ্যাসিস্ট হলো জ্যকসনের।
আরও পড়ুন: চেলসি ছেড়ে নাপোলিতে লুকাকু
এরপর আর চেষ্টা করেও জালের দেখা পায়নি দুদলের কেউ। ফলে ৩-০ গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে এনসো মারেসকার শিষ্যরা।
এই জয়ে পাঁচ ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো চেলসি। তাদের চেয়ে মাত্র দুই পয়েন্টে এগিয়ে চূড়ায় ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে চেলসির সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল।
আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় পঞ্চম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন সিটি ও রানার্স-আপ আর্সেনাল।
৬২১ দিন আগে
তৃতীয় দিন শেষে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ
দিনের খেলা তখন ১০ ওভারের কম বাকি, এমন সময় কমে এলো আলো। ফলে আগেভাগেই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করলেন আম্পায়াররা। তবে দিন শেষ হলেও বড় পরাজয়ের আশঙ্কা মাথায় নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।
চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের দেওয়া ৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে ব্যাটিংয়ে নেমে ১৫৮ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ বলে ৫১ এবং সাকিব আল হাসান ১৪ বলে ৫ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য পেলেও বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে ৬২ রানের মাথায় জসপ্রিত বুমরাহর বলে গালি অঞ্চলে থাকা যশস্বী জয়সওয়ালের দারুণ ক্যাচে জাকির ফিরে যাওয়ার ওভার পাঁচেক পর সাজঘরে ফেরেন সাদমানও। অশ্বিনের সাদামাটা ডেলিভারিতে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন এই ওপেনার। ফেরার আগে জাকির একটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে ৪৭ বলে ৩৩ রান করেন, আর ৬৮ বল মোকাবিলায় তিনটি চারে সাদমানের রান ৩৫।
এরপর অধিনায়ক শান্তকে সমর্থনই দিতে পারেননি মুমিনুলক হক ও মুশফিকুর রহিম, দুজনেই আউট হয়েছেন অশ্বিনের বলে। মিডঅফে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে ফিরতে হয় মুশফিককে (১৩) এবং মুমিনুল (১৩) বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান।
এরই মাঝে হাফ সেঞ্চুরির দিকে এগোতে থাকেন শান্ত। পরে সাকিবের সঙ্গে জুটি গড়ার মাঝে অর্ধশত পূর্ণ করেন তিনি।
ফলে জয়ের জন্য বাংলাদেশের আরও দরকার ৩৫৭ রান। হাতে আছে দুই দিন, তবে শুরুর চার উইকেট খুইয়ে তীরে যেতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েই যায়।
আরও পড়ুন: চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
এর আগে, প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের লিডে দ্বিতীয় ইনিংসে আরও ২৮৭ রান যোগ করে ভারত। চার উইকেটে এই রান করে ইনিংস ঘোষণা করার আগে ঋষভ পান্ত (১০৯) ও শুভমান গিল (১১৯) সেঞ্চুরি করেন। টেস্ট ক্যারিয়ারের ২০০তম সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন গিল। ফলে ৫১৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ২৮৭/৪ ডিক্লে. (শুভমান গিল ১১৯*, ঋষভ পান্ত ১০৯; মিরাজ ২/১০৩, নাহিদ রানা ১/২১, তাসকিন ১/২২)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৫৪*/৪ (শান্ত ৫১*, সাদমান ৩৫, জাকির ৩৩; অশ্বিন ৩/৬৩, বুমরাহ ১/১৮)।
৬২১ দিন আগে
জিততে বাধ্য করছে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ: সিমিওনে
নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যে পরিবর্তন এসেছে, তাতে ক্লাবগুলোর জয়ের বিকল্প দেখছেন না আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো ‘চোলো’ সিমিওনে। এই আর্জেন্টাইন কোচের মতে, চ্যাম্পিয়ন্স লিগের এই ফরম্যাট ক্লাবগুলো জিততে বাধ্য করছে।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সিভিতাস মেত্রোপলিতানোয় চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব লাইপসিগকে আতিথ্য দেয় মাদ্রিদের দলটি। ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েও হোসে মারিয়া হিমিনেসের শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ।
শিষ্যদের পারফরম্যান্সের ব্যাপারে ম্যাচশেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে চোলো বলেন, ‘ম্যাচটি ভালো ছিল, আমি সন্তুষ্ট। ম্যাচটিতে যেভাবে প্রতিদ্বন্দ্বিতা হলো, তাতে ফলাফল ড্র হলেও আমি অখুশি হতাম না। নতুন খেলোয়াড়দের নিয়ে সম্পূর্ণ ভিন্ন তরিকায় ম্যাচটি খেলেছি আমরা।’
‘ম্যাচে খেলোয়াড়রা দায়িত্ব অনুযায়ী কাজ সামলেছে, সঠিক সময়ে বলও নিয়ন্ত্রণে নিয়েছে, আর আমি এভাবেই পরিকল্পনা করেছিলাম। ম্যাচের ৮০ শতাংশই আমরা নিয়ন্ত্রণ করেছি।’
আরও পড়ুন: ভালো খেলার চেয়ে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ: আনচেলত্তি
চলতি মৌসুম থেকে ইউরোপের সেরা টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলায় পরিবর্তন এনেছে উয়েফা। গ্রুপপর্বের পরিবর্তে এখন থেকে ৩৬টি দল একে অপরের সঙ্গে লিগ খেলবে, যেখানে পয়েন্ট টেবিলের প্রথম আট দল সরাসরি নকআউট পর্বে জায়গা করে নেবে। পরের ১৬টি দল থেকে আট দল দুই লেগের প্লে-অফ খেলে নকআউটে যাবে এবং শেষের দলগুলো সরাসরি বাদ পড়বে।
ফলে সরাসরি নকআউটের টিকিট পেতে প্রতিটি ম্যাচ থেকেই যে পূর্ণ তিন পয়েন্ট পেতে চাইবে দলগুলো, তা-ই ঝরল সিমিওনের কণ্ঠে।
‘এই (নতুন) ফরম্যাট আমাদের জিততে বাধ্য করছে। আপনি যদি ড্রও করেন, সে ক্ষেত্রেও (প্রতিপক্ষ দলগুলোর চেয়ে) পিছিয়ে পড়তে পারেন। ফলে প্রত্যেক ম্যাচেই জয় পেতে প্রতিটি দলকে মরিয়া হয়ে খেলতে হবে।’
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
ঘরোয়া ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে চলতি মৌসুমে এখনও অপরাজিত আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে তিনটি জয় ও দুটি ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গতরাতে লাইপসিগকে হারিয়ে চলতি মৌসুমে অপরাজেয় যাত্রা অব্যহত রেখেছে সিমিওনের শিষ্যরা।
চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর। বাংলাদেশ সময় রাত ১টায় পর্তুগিজ ক্লাব বেনফিকার মাঠে খেলতে যাবে আতলেতিকো মাদ্রিদ। ২২, ২৬ ও ২৯ সেপ্টেম্বর লা লিগায় যথাক্রমে রায়ো ভায়েকানো, সেল্তা ভিগো ও নগর প্রদিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।
৬২২ দিন আগে
ভালো খেলার চেয়ে ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ: আনচেলত্তি
কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যামের মতো তারকাসমৃদ্ধ আক্রমণভাগ থাকা সত্ত্বেও চলতি মৌসুমের শুরু থেকেই মাঠের খেলায় ভুগছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে সমালোনাও কম হচ্ছে না ইউরোপের সফলতম এই ক্লাবটিকে নিয়ে। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান কোচ মনে করেন, ভালো খেলার চেয়ে দিন শেষে জয়টাই আসল, আর সেটিই করে চলেছে তার দল।
মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় ভুগছে রিয়াল মাদ্রিদ। এছাড়া দলটির সেরা ফুটবলাররাও ফর্মে নেই। এমন দল নিয়েও সব মিলিয়ে সাত ম্যাচ খেলে এখনও অপরাজিত আনচেলত্তির দল, যেখানে পাঁচটি ম্যাচ জয়ের পাশাপাশি দুই ম্যাচ ড্র করেছে তার শিষ্যরা। সমস্যার মাঝেও ফল নিয়ে আসতে পারায় দল নিয়ে খুশি আনচেলত্তি।
লা লিগায় কাতালুনিয়ার ক্লাব এসপানিওলের বিপক্ষে শনিবার রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে সংবাদ সম্মেলেনে কথা বলেন আনচেলত্তি।
আরও পড়ুন: আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
তিনি বলেন, ‘আমাদের সমর্থকরা ভালো খেলার চেয়ে ম্যাচ জয়কে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আসলে ভালো খেলা এবং ম্যাচ জেতা দুটোই দরকারি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা জয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সবাই জানে যে দল এখন নিজেদের সেরা ফর্মের অনেক দূরে রয়েছে।’
‘আমরা আমাদের সেরা অবস্থায় নেই আর ক্যালেন্ডারের শুরুতে এটা অস্বাভাবিক নয়। মৌসুম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের (খেলায়) উন্নতি করতে হবে, কারণ ধীরে ধীরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সামনে আসবে। তবে এই মুহূর্তে আমরা যা করছি, তাও মন্দ নয়।’
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জুড বেলিংহ্যাম ও অরেলিয়েঁ চুয়ামেনি চোট থেকে ফিরলেও ডেভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি সেবাইয়োস ও ব্রাহিম দিয়াসের মাঠে ফিরতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানান কোচ।
আরও পড়ুন: আনচেলত্তির ‘কৌতুকে’ ভড়কে গিয়েছিলেন বেলিংহ্যাম
এ সময় ভিনিসিউস-এমবাপ্পেদের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘তাদের ফর্ম নিয়ে আমি ভাবছি না। কারণ ওরা একটি উন্নয়ন প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং প্রতি সপ্তাহেই তাদের উন্নতি চোখে পড়ছে। ভক্তদের প্রত্যাশা পূরণে নিজেদের সেরা অবস্থায় ফিরতে তাদের খুব বেশি সময় লাগবে না।’
‘আর সমালোচনা? আসলে আমি এ নিয়ে ভাবছিই না, কারণ আমাদের সমর্থকরা (দলের পারফরম্যান্সে) খুশি।’
আনচেলত্তি বলেন, ‘আমার মতে সুন্দর ফুটবল নির্ভর করে খেলোয়াড়দের খেলোয়াড়ি বৈশিষ্ট্যের ওপর- আক্রমণে ওঠো, রক্ষণ ভালোভাবে সামলাও, কাউন্টারে আরও ধারালো হও। তবে এ নিয়ে একেক দলের দর্শন একেক রকম।’
লা লিগায় পঞ্চম রাউন্ডের খেলা শেষে তিনটি জয় ও দুটি ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিনটি জয় ও দুটি ড্রয়ে রিয়াল মাদ্রিদের সমান ১১ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। এছাড়া সমান পারফর্ম করেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়ারিয়াল।
তবে পাঁচ ম্যাচের পাঁচটিই জিতে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে তাই পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে হান্সি ফ্লিকের দল।
আরও পড়ুন: ভিনিসিউসের মন্তব্যে ‘চটেছে’ রিয়াল মাদ্রিদ
৬২২ দিন আগে
বেকেনবাওয়ারের সম্মানে বায়ার্নের স্টেডিয়ামের ঠিকানা পরিবর্তন
ব্রাজিলের পেলে, আর্জেন্টিনার দিয়েগো মারাদোনার মতোই জার্মানির গর্ব ফ্রানৎস বেকেনবাওয়ার। বিশ্ব ফুটবলে জার্মানিকে তুলে ধরতে তার অবদানের কথা অনস্বীকার্য। এবার এই কিংবদন্তির সম্মানে দারুণ এক পদক্ষেপ নিয়েছে মিউনিখের স্থানীয় সরকার।
বেকেনবাউয়ারের সম্মানে বায়ার্ন মিউনিখের হোম স্টেডিয়াম আলিয়ান্স আরেনার ঠিকানা পরিবর্তন করে ‘বেকেনবাওয়ার স্কয়ার’ নামকরণ করা হয়েছে।
কিংবদন্তি এই ফুটবলারের প্রথম মৃত্যুবার্ষিকীর দিন ২০২৫ সালের ৭ জানুয়ারি থেকে নতুন এই নাম কার্যকর করা হবে বলে জানিয়েছে মিউনিখ প্রশাসন।
এ বিষয়ে মিউনিখের মেয়র ডিটার রাইটার বলেছেন, ‘সড়কের নাম পরিবর্তন করে বেকেনবাওয়ারের প্রতি মরণোত্তর সর্বোচ্চ সম্মান জানানো হচ্ছে। তার প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ও ভক্তি রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নামকরণ।’
আরও পড়ড়ুন: ৯-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের একগাদা রেকর্ডে বায়ার্ন মিউনিখ
তিনি বলেন, ‘এই শহরের সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন বেকেনবাওয়ার। ফুটবলের প্রতি প্রতিশ্রুতি ও সাফল্যের মাধ্যমে জার্মানির ক্রীড়া ক্ষেত্রকে তিনি একটি দীর্ঘস্থায়ী রূপ দিয়ে গেছেন।’
১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতেন বেকেনবাওয়ার। এরপর ১৯৯০ সালে তার কোচিংয়ে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি।
কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা তিন ফুটবলারের একজন বেকেনবাওয়ার। বাকি দুজন হলেন ব্রাজিলের মারিও জাগালো ও ফ্রান্সের দিদিয়ের দেশম।
ক্লাব ফুটবলেও অসামান্য সাফল্যের দেখা পান এই ফুটবলার। বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ মৌসুমে টানা তিনটি ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ) উঁচিয়ে ধরেন তিনি।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরমেট: যা জানা প্রয়োজন
মিডফিল্ডার হিসেবে ফুটবল ক্যারিয়ার শুরু করলেও ডিফেন্ডার হিসেবে খ্যাতির চূড়ায় ওঠেন বেকেনবাওয়ার। তবে বিভিন্ন ভূমিকায় খেলার সামর্থ্য ছিল এই প্রতিভাবান খেলোয়াড়ের। রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণেও তাকে অবদান রাখতে দেখা গেছে অনেক সময়। এর মাধ্যমে আধুনিক ফুটবলে ‘অ্যাটাকিং সুইপার’ পজিশন সৃষ্টি করেন এই কিংবদন্তি।
৭৮ বছর বয়সে চলতি বছরের ৭ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন দ’র জেতা এই ফুটবল মহারথী।
৬২২ দিন আগে
চালকের আসনে থেকেই দিনশেষ ভারতের
প্রথম ইনিংসে ১৪৪ রানের মাথায় ভারতের ৬ উইকেট ফেলে দিয়ে যে আশা জাগিয়েছিল বাংলাদেশ, পরের উইকেটে দলটির ১৯৯ রানের জুটির পর ১৪৯ রানে নিজেদের ইনিংস গুটিয়ে সে আশার গুড়ে বালি দিয়েছে টাইগাররা। এরপর জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে চালকের আসনে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।
শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান সংগ্রহ করেছে ভারত। এর ফলে প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের বিশাল লিডকে ৩০৮ উন্নীত করেছে রোহিত শর্মার দল। তাদের হাতে রয়েছে আরও ৭টি উইকেট।
শুভমান গিল ৩৩ রানে এবং ঋষভ পান্ত ১২ রান অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে রান তুলতে পারেননি রোহিত শর্মা। দুই ইনিংস মিলিয়ে তার রান মোটে ১১ (৫ ও ৬)।
দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ভারতের অধিনায়ক। এরপর সপ্তম ওভারে আক্রমণে এসেই সাফল্য পান নাহিদ রানা। প্রথম ইনিংসের মতো ফের এই পেসারের শিকার হন যশস্বী জয়সওয়াল (১০)।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
২৮ রানে ২ উইকেট পড়ার ধাক্কা সামলে গিলের সঙ্গী জুটি বেঁধে দিন পার করার আভাসই দিচ্ছিলেন কোহলি, কিন্তু নিজের ভুলে ফিরে যেতে হয়েছে তাকেও। মেহেদী হাসান মিরাজের বলে তিনি এলবিডব্লিউ হয়ে ফিরলে ৭৬ বলে ৩৯ রানের জুটি ভাঙে ভারতের।
রিভিউ নিলে অবশ্য বেঁচে যেতেন কোহলি। প্যাডে লাগার আগে ব্যাটের কানায় আলতো ছোঁয়া দিয়ে যায় বল, কিন্তু কোহলি নিজেই টের পাননি তা। পরে স্নিকো মিটারে ধরা পড়ে এই ঘটনা। ৩৭ বলে তিনি ১৭ রান করে ফিরে গেলে শেষ ২২ বল দেখেশুনে খেলে দিন পার করে ভারত।
এর আগে, দ্বিতীয় দিনের শুরুর প্রথম ঘণ্টাতেই ভারতের অবশিষ্ট চার উইকেট তুলে নিলে ৩৭৬ রানে থামে তাদের প্রথম ইনিংস। এরপর মধ্যাহ্নভোজের আগে নেমে পুরো দুই সেশনও টিকতে পারেনি টাইগাররা। ৪৭.১ ওভারে ভারতীয় বোলারদের সামনে ১৪৯ রানে অসহায় আত্মসমর্পণ করেন বাংলাদেশের ব্যাটাররা।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৫০ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামান জসপ্রিত বুমরাহ। এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৩৭৬ (রবীচন্দ্রন অশ্বিন ১১৩, রবীন্দ্র জাদেজা ৮৬, যশস্বী জয়সওয়াল ৫৬; হাসান মাহমুদ ৫/৮৩, তাসকিন আহমেদ ৩/৫৫)।
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৪৯ (সাকিব আল হাসান ৩২, মেহেদি হাসান মিরাজ ২৭, লিটন দাস ২২; জসপ্রিত বুমরাহ ৪/৫০, জাদেজা ২/১৯, আকাশ দীপ ২/১৯, সিরাজ ২/৩০)।
ভারত দ্বিতীয় ইনিংস: ৮১/৩* (শুভমান গিল ৩৩*, কোহলি ১৭, ঋষভ পান্ত ১২*; নাহিদ রানা ১/১২, মিরাজ ১/১৬, ১/১৭)।
৬২২ দিন আগে
পেনাল্টি ঠেকিয়ে আর্সেনালকে বাঁচালেন দাভিদ রায়া
গোলশূন্য ড্র হলেও ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। শুনতে অবাক লাগলেও স্প্যানিশ গোলরক্ষকের নৈপূণ্যেই জয়বঞ্চিত হয়েছে আতালান্তা। পেনাল্টিসহ মুহূর্তের ব্যবধানে দুটি সেভ করে দলকে ১ পয়েন্ট পাইয়ে দিয়েছেন রায়া।
ইতালির গেভিস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাতে আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আতালান্তা।
বলের দখল কিংবা আক্রমণ, এদিন দুদলই ছিল সমানে সমান। তবে রায়া ওই সেভটি না করলে ফলাফল নিশ্চতভাবেই ভিন্ন হতো।
আরও পড়ুন: শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
চোটের কারণে অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে ছাড়াই এদিন খেলতে নামে আর্সেনাল। তবে চোট শঙ্কা কাটিয়ে এদিন শুরুর একাদশেই মাঠে নামেন ক্লাবটির ২৩ বছর বয়সী উইঙ্গার বুকায়ো সাকা।
ম্যাচের প্রথমার্ধের প্রথম ত্রিশ মিনিটে একচেটিয়া আধিপত্য বিস্তার করে আর্সেনাল। সাকার নৈপুণ্যে ম্যাচের ত্রয়োদশ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা, কিন্তু তার রক্ষণ দেওয়ালভেদী নিচু ফ্রি কিক কোনোমতে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।
এ সময় রক্ষণে মনোযোগ দেয় আতালান্তা। এরপর অবশ্য বলের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে তারা। তবে প্রথমার্ধে দুদলের কেউই পরিষ্কার কোনো সুযোগ তৈরিতে ব্যর্থ হলে স্কোরলাইন অপরিবর্তিত রেখেই বিরতিতে যায় দুই দল।
৬২৩ দিন আগে
শুরুতেই লাল কার্ড, হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু বার্সেলোনার
হান্সি ফ্লিকের তত্ত্বাবধায়নে একের পর এক ম্যাচ জিতে উড়ছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই তাদের মাটিতে নামাল ফরাসি লিগের ক্লাব মোনাকো।
মোনাকোর স্তাদ দ্বিতীয় লুইস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বৃহস্পতিবার রাতে দশজনের বার্সেলোনাকে ২-১ গোল হারিয়েছে স্বাগতিকরা।
এর ফলে চলতি মৌসুমে লিগে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের স্বাদ পেল কাতালুনিয়ার দলটি। সেইসঙ্গে থামল হান্সি ফ্লিকের অপরাজেয় বার্সেলোনা যাত্রা।
ম্যাচের দশম মিনিটে গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের ভুলে পেশাদার ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার মিডফিল্ডার হিসেবে মাঠে নামা ডিফেন্ডার এরিক গার্সিয়া। এর ৬ মিনিট পর দারুণ এক গোলে মোনাকোকে এগিয়ে নেন দলটির জাপানি মিডফিল্ডার তাকুমি মিনামিনো। এরপর ২৮ তম মিনিটে আরও অসাধারণ গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। এরপর দ্বিতীয়ার্ধে ৭১তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন মোনাকোর নাইজেরিয়ান ফরোয়ার্ড জর্জ ইলেনিকিয়েনা।
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের মাঠে লড়াই করেও হারল স্টুটগার্ট
ম্যাচের শুরুতেই একজন খেলোয়াড় কমে যাওয়ায় পুরো ম্যাচজুড়েই আত্মবিশ্বাসের অভাব লক্ষ করা গেছে বার্সেলোনার ফুটবলারদের মধ্যে। সমতাসূচক গোলটি করার পর থেকে অবশ্য তারা জয়ের জন্যই খেলে যাচ্ছিল, তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ত্রিশ মিনিট আগে দ্বিতীয় গোলটি হজম করে আর ম্যাচে ফেরা হয়নি হান্সি ফ্লিকের শিষ্যদের।
এদিন সাবধানি শুরুর কারণে ধীগিতিতে খেলতে থাকে দুদল। তবে প্রথম গোলে শট নেয় মোনাকো। আক্রমণে উঠে বাঁ পাশ ধরে বক্সের মধ্যে ঢুকে নিচু শট নেন দলটির উইঙ্গার এলিস বেন সেগির। তবে বার্সেলোনার এক ডিফেন্ডারের পায়ে লেগে শটটি গতি হারালে সহজেই বল লুফে নেন টের স্টেগেন।
এর কিছুক্ষক্ষণ পরই বার্সেলোনার জন্য আসে দুঃসংবাদ। এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে শুরুতেই দশজনের দলে পরিণত হয় পান্সি ফ্লিকের দল।
বল রিসিভ করে তিনজনকে পাস দেওয়ার সুযোগ ছিল টের স্টেগেনের কাছে; ডান পাশে ইনিগো মার্তিনেস ও বাঁ পাশে আলেক্স বালদে ফাঁকা ছিলেন, কিন্তু মাঝখানে প্রতিপক্ষ ঘাড়ে নিঃশ্বাস ফেলা এরিক গার্সিয়াকে পাস দেন এই গোলরক্ষক। ফলে বল বাড়ানো দেখেই গার্সিয়ে পেছন থেকে চ্যালেঞ্জ করে বল কেড়ে নেন মিনামিনো। তিনি বক্সে ঢুকতে গেলে গোল খাওয়া থেকে বাঁচতে ফাউল করার বিকল্প ছিল না গার্সিয়ার সামনে। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তার।
৬২৩ দিন আগে
হাসানের তিন শিকারে চেন্নাই টেস্টে টাইগারদের গর্জন
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ঘণ্টায় তিন উইকেট শিকার বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদের।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে এই সিদ্ধান্ত বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
হাসানের প্রথম শিকার হন রোহিত শর্মা। বল ব্যাটের কোণায় লেগে বল গিয়ে পড়ে অধিনায়ক শান্তর হাতে। ছয় রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
এরপর ফুল লেংথ ডেলিভারিতে শুভমান গিলকে আউট করেন হাসান। উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে শুন্য রানে মাঠ ছাড়েন ওয়ান ডাউন ব্যাটার।
দুই উইকেট পাওয়ার পর দুর্দান্ত বোলিংয়ে হাসান নিয়ে নেন বিরাট কোহলির মোস্ট ওয়ান্টেড উইকেট। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপারের গ্লাভসে বল তুলে দেন কোহলি। সাজঘরে ফেরার আগে ছয় রান করেন তিনি।
ম্যাচের প্রথম ঘণ্টায় তিন উইকেট নিয়ে নেয় বাংলাদেশ। রিপোর্ট লেখা পর্যন্ত মাঠে লড়লেন যশস্বী ও ঋষভ। ২৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৮ রান।
বাংলাদেশের প্রথমে বোলিং করার সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন ক্রিকেট বোদ্ধারা। কেননা ১৯৮২ সালের পর এই প্রথম কোনো দল চেন্নাইয়ে টেস্টে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল। তবে প্রথম ঘণ্টায় হাসানের দুর্দান্ত বোলিংই প্রমাণ করে দিলো টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত ভুল হয়নি।
আরও পড়ুন: চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
৬২৩ দিন আগে
চেন্নাই টেস্ট: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বিস্ময়ের সৃষ্টি করেছে। চেন্নাইয়ে শেষবার ১৯৮২ সালে টস জিতে কোনো দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল।
বোলিং বেছে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, উইকেটে আর্দ্রতা আছে এবং তারা ম্যাচের প্রথম ঘণ্টায় এটি ব্যবহার করতে চান।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠে এল বাংলাদেশ
সফরকারীরা তিনজন পেসার ও দুজন অলরাউন্ডার মাঠে নামছে। পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সিরিজেও তারা একই পদ্ধতি বেছে নিয়েছিল।
স্বাগতিক ভারতও তিনজন পেসার নিয়ে খেলছে। সঙ্গে আছে দুজন স্পিনার।
এর আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতিই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ভারতকে কঠিন চ্যালেঞ্জ উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: বাংলাদেশকে মজা নিতে দিন: রোহিত
৬২৪ দিন আগে