খেলাধুলা
বকেয়া অর্থ নিয়ে পিএসজির সঙ্গে আপস চান না এমবাপ্পে
পাওনা অর্থ নিয়ে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে আপস করতে রাজি নন গত দলবদল মৌসুমে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।
বেতন ও বোনাস নিয়ে সাবেক ক্লাবের সঙ্গে বিরোধের অবসানে বুধবার (১১ সেপ্টেম্বর) ফরাসি ফুটবল লিগের আইনি কমিশনের দেওয়া মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এই সুপারস্টার।
জটিলতা নিরসনে এমবাপ্পে কমিশনের সহযোগিতা চাওয়ার পর তাদের উপস্থিতিতে প্যারিসে পিএসজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের প্রতিনিধিরা। পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো পাওনা রয়েছে বলে দাবি এমবাপ্পের।
এক বিবৃতিতে তার প্রতিনিধিরা বলেছেন, তাকে তিন মাসের বেতন দেয়নি পিএসজি। এছাড়া আনুগত্য বোনাসের শেষ কিস্তিও পরিশোধ করেনি ক্লাবটি। এসব বিষয়ে কমিশনকে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কমিশন এ বিষয়ে (পিএসজির সঙ্গে) মধ্যস্থতার প্রস্তাব দেয়। তবে এমবাপ্পের প্রতিনিধিদের পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। কারণ মধ্যস্থতা করতে গেলেই পাওনা অর্থের পরিমাণ কমে যাবে।’
আরও পড়ুন: এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
তবে বুধবার দুই ঘণ্টার শুনানির পর কমিশনের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পিএসজি।
এক বিবৃতিতে ক্লাবটি পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসে অসাধারণ সাতটি বছর কাটানোর সময় এমবাপ্পে বারবার প্রকাশ্যে ও ক্লাব কর্তাদের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, অবশ্যই তার সম্মান করা উচিত।
পিএসজির দাবি, ক্লাবের কাছে এমবাপ্পের কোনো অর্থ পাওনা নেই। ২০২৩-২৪ মৌসুমের শুরুতে তাকে যখন স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়, তখন পুনরায়ে স্কোয়াডে ফিরতে তিনি তার (পাওনা) বোনাস ত্যাগ করেন।
পিএসজির এক মুখপাত্র বলেন, ‘কমিশন এখন মধ্যস্থতা প্রক্রিয়া বিবেচনার জন্য তাকে (এমবাপ্পে) আমন্ত্রণ জানিয়েছে। খেলোয়াড়ের প্রতিনিধিরা এখন কী ব্যবস্থা নেবেন তা জানি না।’
তবে বর্তমান অচলাবস্থা চলতে থাকলে বিষয়টি শেষ পর্যন্ত কর্মসংস্থান আদালতে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
গত মৌসুমে গভীর উত্তেজনার মধ্যে পিএসজির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবসান ঘটে। ২০২২ সালে নতুন চুক্তিতে সই করার সময় এমবাপ্পেকে ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের চুক্তির প্রস্তাব দেয় পিএসজি, কিন্তু লিওনেল মেসি, নেইমারদের মতো মহাতারকাদের ছেড়ে দেওয়ায় হতাশ হন এমবাপ্পে। এর মাধ্যমে ক্লাব তার প্রতিশ্রুতি পূরণ করেনি বলে অভিযোগ ছিল তার।
এমনকি নতুন চুক্তিতে সই করার সময় ২০২৫ সালের জার্সি হাতে সমর্থকদের সামনে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে উপস্থাপন করা হয়। অথচ মূল চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত, আরেক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল নতুন চুক্তিতে। এই নিয়েও এমবাপ্পে বিরক্ত ছিলেন জানা যায়।
এরপর গত বছরের জুনে পিএসজিকে চমকে দিয়ে এমবাপ্পে জানান, ওই এক বছরের জন্য তিনি চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না। সে সময় বিনামূল্যে ছাড়ার আশঙ্কায় তাকে দলবদলের বাজারে তোলার চেষ্টা করে পিএসজি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে তার কথাবার্তা একপ্রকার পাকা হয়ে যাওয়ায় অন্য কোনো ক্লাব তার দিকে হাত বাড়ায়নি।
এরপর সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেন ২৫ বছর বয়সী এই মহাতারকা। একপর্যায়ে জাপান ও দক্ষিণ কোরিয়ায় পিএসজির প্রাক-মৌসুম সফর থেকে তাকে বাদ দেওয়া হয়। এছাড়া মূল দলের অনুশীলন থেকেও সরিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে, এমনকি মৌসুমের প্রথম ম্যাচেও তাকে দলে রাখেনি ক্লাবটি।
পিএসজি সে সময় জানিয়েছিল, দুই পক্ষের অচলাবস্থা অব্যাহত থাকায় প্রথম লিগ ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে ‘গঠনমূলক ও ইতিবাচক’ আলোচনা শেষে তাকে লাইনআপে ফেরানো হয়েছে।
৬৩০ দিন আগে
আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে শুনানি শুরু সোমবার
ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে অবশেষে শুনানির দিন ধার্য হয়েছে। আগামী সোমবার থেকে শুনানি শুরু হবে বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
২০০৯-১০ মৌসুমে আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে করা অভিযোগ একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়। সে সময় ক্লাবটির বিরুদ্ধে সঠিক আর্থিক তথ্য দেওয়ার নিয়ম ভাঙার অভিযোগ ওঠে।
ক্লাবটির বিরুদ্ধে আরও অভিযোগ, ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত উয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম মানেনি তারা। এছাড়া ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত প্রিমিয়ার লিগের মুনাফা ও স্থায়িত্বের (পিএসআর) নিয়ম অনুসরণ করতেও ব্যর্থ হয়েছে ক্লাবটি।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগের ইতিহাস নতুন করে লিখল ম্যানচেস্টার সিটি
তবে প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ওঠা অভিযোগ অস্বীকার করেছে সিটি কর্তৃপক্ষ। কমিশনের কাছে জবাবদিহিতার সময় তারা বলে, ‘ক্লাব একটি একটি স্বাধীন কমিশনের মাধ্যমে এই বিষয়টির পর্যালোচনাকে স্বাগত জানায়।’
এ বিষয়ে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুনানি শুরু হবে এবং আপিলসহ দুই মাস ধরে চলা শুনানির চূড়ান্ত রায় চলতি মৌসুম শেষে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তবে দোষী সাব্যস্ত হলে পয়েন্ট কর্তন, এমনকি লিগ থেকে অবনমনের মতো শাস্তির মুখেও পড়তে হতে পারে ক্লাবটির।
আরও পড়ুন: হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সিটির তিনে তিন
পিএসআর আইন ভাঙার দায়ে গত মৌসুমে পয়েন্ট কাটা গিয়েছিল এভারটন ও নটিংহ্যাম ফরেস্টের।
এ বিষয়ে ম্যানচেস্টার সিটির কাছ থেকে সংবাদমাধ্যমটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য নিতে পারেনি। এছাড়া প্রিমিয়ার লিগ মন্তব্য করতে রাজি হয়নি।
৬৩০ দিন আগে
বর্ণবাদ রুখতে স্পেনের ফুটবলে নতুন আইন
বর্ণবাদের অভিযোগ তুলে বিশ্বকাপ আয়োজন সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে সম্প্রতি গোটা স্পেনজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ওই মন্তব্যের কারণে তিনি ব্যাপক সমালোচিত হলেও বর্ণবাদ রুখতে এবার লা লিগা ও স্পেনের আন্তর্জাতিক ফুটবলে নতুন আইন চালু করছে দেশটি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও লা লিগা বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জানিয়েছে, বর্ণবাদের বিরুদ্ধে রেফারিদের জন্য নতুন আইন চালু করা হবে। খেলা চলাকালে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটলে মাঠ থেকেই এ বিষয়ে সংকেত দিতে পারবেন রেফারি।
চলতি বছরের মে মাসে ব্যাংককে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে বর্ণবাদবিরোধী ‘ক্রস-আর্ম’ অঙ্গভঙ্গির অনুমোদন পায়। এবার সেই আইনটি গ্রহণ করতে চলেছে স্পেন।
আইনে বলা হয়েছে, রেফারিরা সরাসরি কোনো বর্ণবাদী আচরণ প্রত্যক্ষ করলে কিংবা খেলোয়াড়রা এ নিয়ে অভিযোগ দিলে, এমনকি মাঠের নিরাপত্তাকর্মীরাও এ বিষয়ে অভিযোগ দিলে প্রধান রেফারি সংকেত দেবেন। তিন ধাপের সংকেত পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ম্যাচ থামাতে, স্থগিত করতে, এমনকি পরিত্যক্ত পর্যন্ত করতে পারবেন রেফারি।
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
আরএফইএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফুটবলে যে কোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে, বিশেষ করে বর্ণবাদী মনোভাব ও আচরণের বিরুদ্ধে লড়াইয়ে উভয় প্রতিষ্ঠান তাদের অঙ্গীকারে দৃঢ় থাকতে এই আইন বাস্তবায়ন করবে।’
গত কয়েক মৌসুম ধরে ভিনিসিউস জুনিয়র বেশ কয়েকবার বর্ণবাদী আচরণ ও মন্তব্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করে আসছেন। ২০২৩ সালের মে মাসে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে এই ফুটবলারের সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে ঘরের মাঠের তিন সমর্থককে চলতি বছর কারাদণ্ডও দিয়েছে দেশটির আদালত।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের আয়োজন স্পেন থেকে সরিয়ে নিতে সম্প্রতি প্রস্তাব করেন ভিনিসিউস। তার মন্তব্যের পর স্পেনের রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে ফুটবল পাড়ার মানুষ- সবাই তার বিরুদ্ধে সরব হন। এমনকি তার ক্লাব সতীর্থদেরও তার মন্তব্যের সমালোচনা করতে দেখা যায়।
আরও পড়ুন: ভিনিসিউসের মন্তব্যে ‘চটেছে’ রিয়াল মাদ্রিদ
ভিনির মন্তব্যের সমালোনা করলেও দেশ থেকে বর্ণবাদ নিশ্চিহ্ন করতে কাজ করছেন বলে মন্তব্য করেন মাদ্রিদের মেয়র। এর প্রায় এক সপ্তাহ পর দেশটির ফুটবল ফেডারেশন ও লা লিগা থেকে এই ঘোষণা এল।
৬৩০ দিন আগে
জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সে সময় জানানো হয়, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই সংবর্ধনা পেয়েছে টাইগাররা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন ড. ইউনুস।
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের স্বাগত জানিয়ে পাকিস্তানে তাদের সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
ক্রিকেটারদের উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘আমি জয়ের পর অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং জাতির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।’
একটি জাতিকে একত্রিত রাখতে ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এসময় প্যারিস অলিম্পিকে একজন উপদেষ্টা ও রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকেও তিনি একই ধরনের ভূমিকা পালনে ইতালির আমন্ত্রণ পেয়েছেন।
এসময় জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তাদের আমন্ত্রণ জানানোয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার মন্তব্য তাদের আরও সাফল্য অর্জনে উৎসাহিত করবে।
শান্ত বলেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি। এটি সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’
আরও পড়ুন: ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
পাকিস্তান সফরের অর্জন খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রমের ফল বলে জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
দেশের কঠিন সময়ে সাফল্য বয়ে আনায় খেলোয়াড়দের স্বাগত জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।
৬৩০ দিন আগে
ভারত টেস্ট থেকে ছিটকে পড়লেন শরিফুল
চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে চোট পেয়েছেন এই পেসার। তিনি এখনও সেই আঘাত থেকে সুস্থ হতে পারেননি।
একই আঘাতের কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ছিটকে পড়েছেন এই পেসার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) চিকিৎসকের মতে, শরিফুল যে ধরনের আঘাত পেয়েছেন তা থেকে সুস্থ হয়ে উঠতে প্রায় ১০ দিন সময় লাগে। কিন্তু তার ক্ষেত্রে সময় বেশি লাগছে।
আশা করা হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন শরিফুল।
পাকিস্তানে খেলা বাংলাদেশ দলে একমাত্র শরিফুলকেই পরিবর্তন করা হয়েছে। শরিফুলের শূন্যস্থান পূরণ করা হয়েছে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলীকে দিয়ে।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেললেও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন জাকের।
ভারত সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটিতেও জেতার রেকর্ড নেই বাংলাদেশের। আগের সিরিজগুলোর দুই টেস্টে ড্র হয় এবং ১১টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
৬৩০ দিন আগে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা বাংলাদেশের
আসন্ন ভারত সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিছুদিন আগেই পাকিস্তানকে ২-০ ব্যবধানে তাদেরই মাঠে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল তাদের প্রথম টেস্ট ও টেস্ট সিরিজ জয়।
ভারত সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি।
ভারত টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। নতুন মুখ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকের আলী।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
দলে রাখা হয়েছে সাকিব আল হাসানকেও। যদিও তিনি বর্তমানে ইংল্যান্ডে খেলতে ব্যস্ত।
টেস্টের জন্য বাংলাদেশ দলে যারা আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
সিরিজের প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।
এই সিরিজের আগে ভারতের বিপক্ষে ১৩টি টেস্ট খেললেও একটাতেও জিততে পারেনি বাংলাদেশ। দুটি টেস্ট ড্র হয়েছে। এর মধ্যে ১১টি ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
আরও পড়ুন: বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিসিবির
৬৩০ দিন আগে
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিসিবিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
২০১৩ সালে নির্বাচনে গাজী আশরাফ হোসেনকে হারিয়ে বিসিবি পরিচালক হন সুজন। তারপর থেকে গত ১১ বছরে বিসিবির বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর সরে দাঁড়ালেন তিনি।
সবশেষ বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন ৫৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার। সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের সহ-সভাপতির ভূমিকায়ও দেখা গেছে তাকে।
আরও পড়ুন: পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
তার মেয়াদকালে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া এ বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপও জিতেছে যুবাদের দলটি।
বোর্ড পরিচালক থাকাকালে আরও কিছু দায়িত্ব পালন করেছেন সুজন। বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ ও ম্যানেজারের ভূমিকায় কাজ করেছেন তিনি।
পরিচালক হিসেবে বোর্ডের দায়িত্ব পালনের পাশাপাশি বেশ কয়েকবার বাংলাদেশ জাতীয় দলের পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তবে, বহুদিন ধরে বিসিবির একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকায় তাকে নিয়ে নিয়ে সমালোচনাও হয়েছে। একজন ব্যক্তি একসঙ্গে এতগুলো দায়িত্ব কীভাবে পালন করছেন, এ নিয়ে নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।
আরও পড়ুন: সংস্কার ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিলেন নতুন বিসিবি সভাপতি
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিসিবিতে পদত্যাগের মিছিল চলছে। তার আগে পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়।
৬৩১ দিন আগে
আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার মধুর প্রতিশোধ
লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন, সেইসঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নও। তবে ম্যাচজুড়ে নিজেদের ছায়া হয়ে রইল আর্জেন্টিনা। আর এই সুযোগ কাজে লাগিয়ে কোপা আমেরিকার ফাইনালে হারের শোধ তুলল কলম্বিয়া।
কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেন্দেসে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।
ম্যাচের ২৫তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ডিফেন্ডার ইয়ের্সন মসকেরা। এরপর বিরতির পরপরই দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে সমতায় ফেরান নিকোলাস গন্সালেস। তবে ম্যাচের ৬০তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস।
এই ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে সবশেষ ৮ ম্যাচে ১০ গোলে অবদান (৭ অ্যাসিস্ট ও ৩ গোল) রাখলেন ৩৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
আরও পড়ুন: লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেস
এর ফলে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। সবশেষ তারা হারে গত নভেম্বরে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে। তার পরের ১২ ম্যাচের মধ্যে ১১টিই জিতেছে আর্জেন্টিনা, ড্র করেছে মাত্র একটি ম্যাচে।
তাছাড়া ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার দ্বিতীয় হার এটি।
৬৩২ দিন আগে
জোড়া গোলে শততম ম্যাচ রাঙালেন কেইন
ইংল্যান্ডের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে অসাধারণ হ্যারি কেইনে মাতল ইংলিশ সমর্থকরা। ম্যাচজুড়ে অসাধারণ পারফর্ম করে জয় নিয়ে মাঠ ছাড়লেন ইংলিশ অধিনায়ক।
নেশন্স লিগের ‘বি’ লিগের দ্বিতীয় গ্রুপের ম্যাচে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ইংল্যান্ড। ম্যাচের দুটি গোলই করেছেন হ্যারি কেইন।
এদিন ম্যাচ শুরুর আগে শত ম্যাচের মাইলফলক স্পর্শ উপলক্ষে কেইনকে বিশেষ সম্মাননা জানায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ম্যাচে নেমেই জোড়া গোল করেন এই তারকা স্ট্রাইকার।
আরও পড়ুন: জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু
গোল পেতে এদিন মুখিয়ে থাকলেও বারবার হতাশ হতে হয়েছে কেইনকে। ম্যাচের ২১তম মিনিটে অসাধারণ দক্ষতায় কেইনের নিশ্চিত একটি গোল ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফিনিশ গোলরক্ষক লুকাশ রাদাস্তকি। তার দুই মিনিট পর জালে বল পাঠান ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড, কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে সে গোলটি বাতিল হয়ে যায়।
ফলে স্কোরলাইন গোলশূন্য রেখে বিরতিতে যায় দুই দল।
৬৩২ দিন আগে
নতি স্বীকার করল না উড়তে থাকা দুই দলের কেউ
উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের তৃতীয় গ্রুপে উড়ন্ত শুরু করে জার্মানি ও নেদারল্যান্ডস। জার্মানি হাঙ্গেরিকে ৫-০ ব্যবধানে এবং বসনিয়া ও হার্জেগোভিনাকে ৫-২ ব্যবধানে হারিয়ে নেশন্স লিগের নিজেদের যাত্রা শুরু করে নেদারল্যান্ডস। দ্বিতীয় রাউন্ডে এই দুই দল মুখোমুখি হওয়ায় এদের মধ্যে কে সেরা, তা দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। তবে কেউ কারো কাছে নতি স্বীকার না করায় দর্শকদের অপেক্ষা আরও বেড়েছে।
অ্যামস্টারডামের ইয়োহান ক্রইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে নেদারল্যান্ডস ও জার্মানির মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
ম্যাচের শুরুতেই তিজানি রেইন্ডার্সের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ৩৮তম মিনিট ও প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মুহূর্তে যথাক্রমে ডেসিন উনডাভ ও ইয়োশুয়া কিমিখের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে বিরতি থেকে ফিরেই দলকে সমতায় ফেরান ডাচ উইংব্যাক ডেনসেল ডুমফ্রিস। এরপর আর কোনো গোল না হলে সমতাতেই শেষ হয় ম্যাচ।
ম্যাচের প্রথমার্ধে বেশিরভাগ সময় ডাচরা কোণঠাসা হয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরে রোনাল্ড কুমানের দল। বল দখলেরও লড়াইয়েও দুই দল একে অপরের চেয়ে খুব বেশি এগিয়ে-পিছিয়ে ছিল না; জার্মানির ৫৭ শতাংশ সময়ে বিপরীতে নেদারল্যান্ডসের পায়ে বল ছিল ৪৩ শতাংশ সময়।
এছাড়া ম্যাচজুড়ে জার্মানির ১৯ শটের পাঁচটি লক্ষ্যে ছিল, যেখানে নেদারল্যান্ডনের ১১ শটের লক্ষ্যে ছিল চারটি।
আরও পড়ুন: বড় জয়ে ডাচদের নেশন্স লিগ অভিযান শুরু
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয় মিনিটে রায়ান গ্রাভেনবার্খের বাড়ানো পাস ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিজানি রেইন্ডার্স।
অষ্টম মিনিটে মার্ক আন্দ্রে টের স্টেগেনের লং পাস দেখে দ্রুতগতিতে এগিয়ে যান ফ্লোরিয়ান ভিয়ার্টস। তবে এগিয়ে এসে কোনোরকমে বুক দিয়ে ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন ডাচ গোলরক্ষক বার্ট ভেরব্রুখেন।
এরপর বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক গোলের সুযোগ খুঁজতে থাকে জার্মানি। এরই পরিপ্রেক্ষিতে একাদশ মিনিটে ভিয়ার্টসের পাস ধরে প্রতিপক্ষের বক্সের ঢুকেই ডান পাশ থেকে জোরালো শট নেন কাই হাভার্টস, তবে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে শটটি প্রতিহত করেন ভেরব্রুখেন।
পঞ্চদশ মিনিটে ফ্রি কিক থেকে আসা ক্রসে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিলেন ডেনসেল ডুমফ্রিস। তবে তার জোরালো হেডারটি পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে হতাশ হন তিনি।
৬৩২ দিন আগে