খেলাধুলা
অবশেষে ‘ঠিকানা’ খুঁজে পেলেন ফেলিক্স
আতলেতিকো মাদ্রিদে থাকতে না চাওয়ায় গত দুই মৌসুম ধরে এক প্রকার ভেসে বেড়াচ্ছিলেন পর্তুগিজ তারকা জোয়াইও ফেলিক্স। অবশেষে ২০২২-২৩ মৌসুমে ধারে খেলা স্ট্যামফোর্ড ব্রিজই হলো তার নতুন ঠিকানা।
বুধবার (২১ আগস্ট) এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানিয়েছে, ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ থেকে ২৪ বছর বয়সী এই তারকাকে দলে টেনেছে চেলসি।
দুই মৌসুম আগে ওয়ান্দা মেত্রোপলিতানো ছাড়ার ইচ্ছার কথা জানানোর পর থেকেই প্রতিভাবান এই তরুণ ফুটবলারের জন্য নতুন ঠিকানা খুঁজছিল আতলেতিকো। ২০২২-২৩ মৌসুমের শেষ ছয় মাসের জন্য চেলসিতে তাকে ধারে পাঠানো হয়। সে সময় ব্লুজদের হয়ে ২০ ম্যাচ খেলে ৪ গোল করেন ফেলিক্স।
তবে মৌসুম শেষে চেলসি তাকে রাখতে না চাওয়ায় আবারও ফিরতে হয় মাদ্রিদে। এরপর গত মৌসুমে বার্সেলোনা তাকে এক মৌসুমের জন্য ধারে নেয়। মৌসুমজুড়ে কোচ শাভি এরনান্দেসের শুরুর একাদশে জায়গা করে নিতে না পারলেও বেশিরভাগ ম্যাচে তিনি নামেন বদলি খেলোয়াড় হিসেবে। তারপরও কাতালুনিয়ার দলটির হয়ে ৪৪ ম্যাচ খেলে ১০ গোল করেন এই ফরোয়ার্ড।
এরপর বার্সেলোনাও তাকে পাকাপাকিভাবে দলে না টেনে মৌসুম শেষে আতলেতিকোয় পাঠিয়ে দেয়। তারপর থেকে ফের ফেলিক্সের জন্য নতুন ঠিকানা খুঁজছিল মাদ্রিদের ক্লাবটি।
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
কিছুদিন থেকেই তাকে দলে টানতে চেলসির ইচ্ছার কথা জানিয়ে আসছিলেন ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো। এবার গুঞ্জন সত্যি করে অবশেষে স্থায়ী দলবদলে ঠিকানা খুঁজে পেলেন এই পর্তুগিজ তারকা। চেলসিতে যোগ দিয়ে তার কণ্ঠেও এ বিষয়ে স্বস্তি ঝরেছে।
চেলসির অফিশিয়াল সাইটে ফেলিক্স লিখেছেন, ‘(স্থায়ী) ঠিকানা করে নিতে এটি আমার জন্যে একটি ভালো সুযোগ।’
‘চেলসি ও বার্সায় দুটি লোনপর্ব শেষের পর আমার একটি জায়গায় স্থায়ী হওয়ার দরকার ছিল। এক্ষেত্রে চেলসির চেয়ে ভালো স্থান হতে পারে না। উন্নতি করার জন্য এই ক্লাবটি আমার কাছে একেবারে উপযুক্ত মনে হয়।’
শুধু আতলেতিকো ছাড়তেই চেলসিতে আসেননি ফেলিক্স। ক্লাবটির অনেকগুলো বিষয় তাকে গন্তব্য নির্বাচনে সহায়তা করেছে বলেও তিনি জানিয়েছেন।
‘অনেকগুলো বিষয়ের একটু একটু করে নিয়ে আমি চেলসিতে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই ক্লাব, প্রজেক্ট, লিগ, সমর্থক ও এখানে আমার কাটানো সময়- সবকিছু আমি পছন্দ করি। এখানে (এর আগে) যখন ছিলাম, ভালো ফল আনতে না পারলেও ওই সময়টা আমি খুব ভালো কাটিয়েছিলাম। তাই ফিরে আসতে পেরে সত্যিই আমি খুশি।’
তবে আগের ব্যর্থতা আর পেছনে ফিরে দেখতে চান না তিনি। সময়ের সঙ্গে তিনি যে নিজেও বদলেছেন, তা জানিয়ে আগামীতে আরও ভালো করার প্রত্যয় ঝরল এ তরুণের কণ্ঠে।
‘সেবারের চেয়ে এবার আমি অনেকটাই বদলেছি। এখন আমার বয়স ২৪, (আগামী) নভেম্বরে ২৫-এ পা দেব। খেলোয়াড় হিসেবে এখন নিজেকে অনেকটাই পরিণত মনে হয়। প্রিমিয়ার লিগে খেলতে আমি এখন অনেকটাই প্রস্তুত।’
নিজের সেরাটা এখনও দেখাননি জানিয়ে ফেলিক্স বলেন, এই বছরটি ভালো একটি বছর হতে চলেছে। কারণ অবশেষে আমি ঠিকানা খুঁজে পেয়েছি। তাই নতুন ঠিকানায় ফুটবলটা উপভোগ করতে চাই।’
আরও পড়ুন: আলভারেস আতলেতিকোর ডিএনএর সঙ্গে পুরোপুরি মানানসই: সিমিওনে
ফেলিক্সকে পেয়ে উচ্ছ্বসিত চেলসি কোচ এনসো মারেসকাও। তিনি বলেছেন, ‘জোইয়াও (ফেলিক্স) দারুণ প্রতিভাবান। ক্লাবের সবাই আগে থেকেই তাকে চেনে। তার ভালো দিকগুলোর মধ্যে রয়েছে- সে ইনসাইড, নম্বর নাইন কিংবা আউটসাইড- বিভিন্ন পজিশনে খেলতে পারে।’
১৯৯৯ সালে পর্তুগালের ভিসেউতে জন্ম নেওয়া এই ফুটবলার মাত্র ১৭ বছর বয়সে বেনফিকার জার্সিতে পেশাদার ফুটবলে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে মাত্র বেনফিকার হয়ে ওই মৌসুমে ২৬ ম্যাচে ১৫ গোল ও ৯ অ্যাসিস্ট করে ইউরোপীয় ফুটবলে সাড়া ফেলে দেন তিনি। পর্তুগিজ লিগের ওই মৌসুমের ‘গোল্ডেন বয়’ খেতাবও জোটে তার।
পরের বছর জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ফেলিক্সের। এরপর ২০২০ সালে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমান তিনি। ক্লাবের রেকর্ড ফিতে ফেলিক্সকে দলে টানে আতলেতিকো। তবে দিয়েগো সিমিওনের তত্ত্বাবধায়নে নিজেকে মেলে ধরতে পারেননি এই প্রতিভাবান ফুটবলার।
৬৫২ দিন আগে
পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হলেন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান পাপন।
নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নিয়োগ নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।
এর আগে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করলেও বোর্ডের সঙ্গে অজ্ঞাত মতপার্থক্যের কারণে পদত্যাগ করেন ফারুক আহমেদ।
ফারুকের নিয়োগের মধ্য দিয়ে বিসিবি সভাপতি হিসেবে নাজমুলের দীর্ঘ ও কিছুটা বিতর্কিত মেয়াদের অবসান হলো।
২০১৩ সালে বিসিবি সভাপতি হিসেবে নিয়োগ পান নাজমুল হাসান পাপন। আগামী বছর বিসিবি সভাপতি হিসেবে তৃতীয় মেয়াদ পূর্ণ হতো তার। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
৬৫২ দিন আগে
বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতার জেরে এবার ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ থেকে সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি।
বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত নিল আইসিসি।
আগামী ৩ থেকে ২০ অক্টোবর দুবাই ও শারজাহর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নবম আসর। অবশ্য ভেন্যু পরিবর্তন হলেও আয়োজক স্বত্ব ধরে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ৫ অক্টোবর আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা সংকটের মাঝে বেশ কয়েকটি অংশগ্রহণকারী দেশের সরকার বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে। এ কারণে বিশ্ব ক্রিকেটের এই আসরটি বাংলাদেশে আয়োজন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এরপরই টুর্নামেন্টের আয়োজন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল আইসিসি।
আরও পড়ুন: ২০২৪ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ
বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এছাড়া নতুন আয়োজক হিসেবে দায়িত্ব নিতে এগিয়ে আসায় আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা লজ্জার। কারণ আমরা জানি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি স্মরণীয় আসর আয়োজন করত।’
গত কয়েক বছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে, ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে আরব আমিরাত। চলমান বিশ্বকাপ আসর আয়োজনেও তারা ভালোভাবেই প্রস্তুত।
আমিরাতের পাশাপাশি এই আসরটির আয়োজনে ইচ্ছা প্রকাশ করায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকেও ধন্যবাদ জানিয়েছে আইসিসি।
এ বিষয়ে জিওফ জানান, ২০২৬ সালে এই দুই দেশে আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
তিনি বলেন, ‘আমি বিসিবির (আয়োজক) দলকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা বাংলাদেশে আসরটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে সেখানে ভ্রমণ সতর্কতা জারি করার কারণে সেটা সম্ভব হয়নি। তবে তাদের হাতেই আয়োজকের স্বত্ব থাকবে।’
আরও পড়ুন: বিশ্বকাপের আম্পায়ার হওয়ার ইচ্ছা সাথিরা জাকিরের
৬৫৩ দিন আগে
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সুইস গোলরক্ষক জমের
দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ার শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান জমের। ইতালির ক্লাব ইন্টার মিলানের হয়ে খেলায় মনোযোগ দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) জমেরের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছে সুইস ফুটবল ফেডারেশন।
এছাড়া ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে জমের লেখেন, ‘সচেতনভাবে ভাবনা-চিন্তা করে সুইজারল্যান্ডের জাতীয় দল থেকে আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’
‘প্রতিবেশি দেশ জার্মানিতে অনুষ্ঠিত সবশেষ ইউরোয় আমাদের আরও একবার ফাইনালসে খেলার গৌরব অর্জনের পর এখন বিদায় বলার সময় এসেছে।’
আরও পড়ুন: বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
২০১২ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় জমেরের। এরপর দেশের হয়ে ৯৪ ম্যাচে গোলপোস্ট সামলেছেন তিনি।
সদ্য শেষ হওয়া ইউরো আসরেও সুইস গোলপোস্টের নিচে অন্তন্দ্র প্রহরীর ভূমিকায় দেখা যায় তাকে। আসরের কোয়ার্টার ফাইনালে রানার্স-আপ ইংল্যান্ডের কাছে হেরে ইউরোযাত্রা থামে সুইসদের। ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হারে তারা।
এছাড়া ২০১৬ ও ২০২০ সালের ইউরো আসর এবং ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও খেলেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব পালনকালে ২০২০ ইউরোর শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে কিলিয়ান এমবাপ্পের শট ঠেকিয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন তিনি। ম্যাচটি ৩-৩ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ফ্রান্সকে কাঁদিয়ে শেষ আটে জায়গা করে নেয় জমেরের সুইজারল্যান্ড।
কয়েক মৌসুম বায়ার্ন মিউনিখে মানুয়েল নয়ারের বিকল্প হিসেবে থাকার পর গত মৌসুমে ইন্টার মিলানের প্রধান গোলরক্ষক হিসেবে যোগ দেন জমের। ওই মৌসুমে ইন্টারকে সেরি-আ জেতাতে বড় ভূমিকা রাখেন তিনি।
এছাড়া বায়ার্নে থাকাকালে একটি এবং সুইস লিগে এফসি বাসেলের হয়ে চারটি লিগ শিরোপা জিতেছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
জমের অবসের যাওয়ায় সুইজারল্যান্ডের গোলপোস্টের নিচে এখন নিয়মিত দেখা যেতে পারে বরুশিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেলকে। জমের থাকায় জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।
উয়েফা নেশন্স লিগে আগামী ৫ সেপ্টেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড। এর তিন দিন পর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে খেলবে মুরাত ইয়াকিনের শিষ্যরা।
৬৫৩ দিন আগে
মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই খেলবে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর জাতীয় দল ও ক্লাব থেকে সম্পূর্ণ বাইরে রয়েছেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচেও তাকে দলে পাচ্ছে না আর্জেন্টিনা।
আগামী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই খেলবে আর্জেন্টিনা। ওই দুই ম্যাচের জন্য সোমবার (১৯ আগস্ট) দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। ঘোষিত ২৮ সদস্যের দলে জায়গা হয়নি ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন মায়েস্ত্রোর।
তিনি ছাড়াও রিভার প্লেট গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিকে স্কোয়াডে রাখা হয়নি। এছাড়া ফরোয়ার্ড মার্কোস আকুনিয়া ও পাওলো দিবালারও জায়গা হয়নি দলে। কোপা আমেরিকা শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় আনহেল দি মারিয়াকেও পাচ্ছেন না কোচ স্কালোনি।
তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল কাদসিয়াহর মিডফিল্ডার এসেকিয়েল ফের্নান্দেস। এছাড়া লাৎসিওর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসকেও স্কোয়াডে রেখেছেন কোচ।
আরও পড়ুন: মায়ামিতেই শেষ, জানিয়ে দিলেন মেসি
আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলিকে আতিথ্য দেবে আর্জেন্টিনা। এর চার দিন পর কলম্বিয়ার মাঠে খেলবে যাবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা।
চিলি ও কলম্বিয়ার বিপেক্ষ আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), ওয়াল্তার বেনিতেস (পিএসভি আইন্দহোভেন), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্শেই) ও হুয়ান মুসো (আতালান্তা)।
ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), হেরমান পেস্সেইয়া (রিভার প্লেট), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্শেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেস (ম্যানচেস্টার ইউনাইটেড) ও নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও)।
মিডফিল্ডার: ভালেন্তিন বার্কো (ব্রাইটন), লেয়ান্দ্রো পারেদেস (রোমা), গিদো রদ্রিগেস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), এনসো ফের্নান্দেস (চেলসি), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), এসেকিয়েল ফের্নান্দেস (আল কাদসিয়াহ) ও রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ)।
ফরোয়ার্ড: নিকোলাস গন্সালেস (ফিওরেন্তিনা), আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড), মাতিয়াস সুলে (রোমা), গিলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), ভালেন্তিন কারবোনি (অলিম্পিক মার্শেই), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান) ও ভালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও)।
আরও পড়ুন: ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার রেকর্ড
৬৫৩ দিন আগে
বার্সা ছাড়ার গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন গুন্ডোগান
চলতি গ্রীষ্মকালীন দলবদলেই বার্সেলোনা ছাড়তে হচ্ছে- এমন গুঞ্জনের মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জার্মানির অধিনায়ক ইলকাই গুনডোগান।
সোমবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের বিদায়বার্তা লেখেন বার্সেলোনা মিডফিল্ডার।
৩৩ বছর বয়সী এই ফুটবলার লেখেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, জাতীয় দল থেকে আমার অবসর নেওয়ার সময় এসেছে।’
‘২০১১ সালে যখন জাতীয় দলে আমার অভিষেক হয় তখন স্বপ্নেও ভাবিনি যে, দেশের হয়ে আমি ৮২টি ম্যাচ খেলার সুযোগ পাব। এখন ফিরে তাকালে এ নিয়ে শুধুই গর্ব হয়।’
জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমে ১৯টি গোল করেছেন গুনডোগান। সর্বশেষ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে জার্মানির অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন তিনি। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে স্পেনের কাছে হেরে গেলেও নিজ দেশের সমর্থকদের পাশাপাশি ফুটবলবোদ্ধা, সমালোচক, এমনকি প্রতিপক্ষের সমর্থকদের কাছ থেকেও প্রশংসা কুড়ায় গুনডোগানের দল।
আরও পড়ুন: স্বর্গীয় ফুটবল উপহার দিয়েও নিয়তি মানতে হলো জার্মানির
ওই ম্যাচটিই জাতীয় দলে তার শেষ ম্যাচ হয়ে থাকল। সেমিফাইনালে হারের পর জাতীয় দলকে বিদায় জানান ফরোয়ার্ড টমাস মুলার ও মিডফিল্ডার টনি ক্রুসও।
অধিনায়ক হয় জাতীয় দলের নেতৃত্ব দিতে পারাটা যে তার কাছে কতটা সম্মানের, বিদায়বেলায় সে কথাই ঝরল তার কণ্ঠে।
‘ইউরোয় দলকে নেতৃত্ব দিতে পারাই ছিল জাতীয় দলে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানের বিষয়।’
তবে ইউরো শুরুর আগেই অবসরে যাওয়ার কথা তারা মাথায় আসে বলে জানান এ মিডফিল্ডার।
‘টুর্নামেন্ট শুরুর আগেই শরীর ও মনে এক ধরনের ক্লান্তি অনুভব করছিলাম আমি। বিষয়টি আমাকে (অবসর নিয়ে) ভাবনার শুরুটা এনে দেয়। তাছাড়া ক্লাব ও জাতীয় দল মিলিয়ে (বর্তমানে) কম ম্যাচও খেলা হচ্ছে না।’
প্রসঙ্গত, গত কয়েকটি বড় আসরে একেবারেই ভালো কাটেনি জার্মানির। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নেয় চারবারের বিশ্বকাপজয়ীরা। এর মাঝে ২০২০ সালের ইউরোতেও শেষ ষোলো থেকে বিদায় নিতে হয় তাদের।
আরও পড়ুন: আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন ক্রুস
এছাড়া, উয়েফা নেশন্স লিগেও গত কয়েক মৌসুম ধরে তাদের পারফরম্যান্স হতাশাজনক। ২০১৮-১৯ মৌসুমে ফ্রান্স ও নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপপর্বে টেবিলের তিনে থেকে দ্বিতীয় বিভাগে অবনমন হয় জার্মানির। এরপর ২০২০-২১ মৌসুমে মূলপর্বে উঠে সেমিফাইনাল খেললেও সেখানে স্পেনের কাছে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত হয় তারা। সবশেষ ২০২২-২৩ মৌসুমে ইতালি ও হাঙ্গেরির বিপক্ষে খেলে ফের একবার গ্রুপপর্ব পার করতে ব্যর্থ হয় তারা, এমনকি তৃতীয় ও শেষ দল হিসেবে আবারও দ্বিতীয় বিভাগে অবনমন হয় দলটির।
সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নেশন্স লিগের ২০২৩-২৪ মৌসুমে ফের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। গ্রুপ-৩ এ এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও বসনিয়া-হার্জেগোভিনা।
৬৫৩ দিন আগে
আক্রমণভাগে পরিবর্তন আসায় দলে ভারসাম্যের অভাব দেখছেন আনচেলত্তি
প্রাক-মৌসুম, এমনকি উয়েফা সুপার কাপের ম্যাচেও রিয়াল মাদ্রিদের যে পারফরম্যান্স, তার ধারেকাছেও ছিল না লা লিগায় মায়োর্কার বিপক্ষে দলটির প্রথম ম্যাচে। ওই ম্যাচের পর দলের রক্ষণভাগের পারফরম্যান্সকে দুষলেন কোচ কার্লো আনচেলত্তি।
রবিবার (১৮ আগস্ট) রাতে মায়োর্কার মাঠ থেকে কোনোমতে ১-১ গোলের ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে রদ্রিগোর দারুণ এক গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে আধিপত্য ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। ভেদাত মুরিচির অসাধারণ এক হেডারে ঠিকানা খুঁজে নেয় বল।
এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পায়, তবে সেগুলোর একটিও কাজে লাগাতে পারেনি কেউ। ফলে ম্যাচ শেষে শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১ পয়েন্ট পেয়ে উল্লাস করেন মায়োর্কার খেলোয়াড়রা। অন্যদিকে, প্রত্যাশিত তিন পয়েন্ট না পেয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ে লা লিগা চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে খোলাখুলি কথা বলেন আনচেলত্তি, ‘আজকে আমি মোটেই সন্তুষ্ট নই। আমার মনে হয়, আমরা এর চেয়ে অনেক ভালো করতে পারতাম।’
‘খেলায় আমাদের আরও মনোযোগী হতে হবে, দলগতভাবে আরও ভালো খেলতে হবে। এটা শারীরিক সমস্যা নয়, সমস্যাটি মানসিক।’
হারসম এই ড্রয়ের পর কোনো অজুহাত খুঁজতে চাননি রিয়াল বস। তিনি বলেন, ‘আমাদের আরও ভালো খেলা উচিৎ ছিল; মাঠে আরও বেশি তাড়না দেখানো উচিৎ ছিল। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ম্যাচে এটি স্পষ্ট হয়েছে যে, আমাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে।’
এসময় রক্ষণভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘আক্রমণভাগে কিলিয়ান (এমবাপ্পে), রদ্রিগো, ভিনি (ভিনিসিউস) ও বেলিংহ্যামের মতো ফুটবলার থাকায় আমাদের সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছে। ডিফেন্ডারদের নতুন এই সিস্টেমে আরও ভালোভাবে মানিয়ে নিতে হবে, রক্ষণে আরও শৃঙ্খলা আনতে হবে।’
ম্যাচটি রিয়াল মাদ্রিদ অনায়াসেই হারতে পারত জানিয়ে তিনি আরও বলেন, ‘নিজেদের ভুলের কারণে ম্যাচটি হারলেও অবাক হওয়ার কিছু ছিল না। তবে এই ম্যাচটি থেকে শিখে আমাদের দ্রুত ভুলগুলো শুধরে নিতে হবে।’
‘আমরা শুরুটা ভালো করেছিলাম, সেকারণে প্রথমার্ধে এগিয়েও গিয়েছিলাম। দ্বিতীয় গোলটি করে আরও এগিয়ে যাওয়ার মতো কিছু সুযোগও এসেছিল। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে (খেলায়) আমাদের ভারসাম্য হারিয়ে যায়।’
‘এসময় আমরা বল দখলে নিতে ব্যর্থ হয়েছি, বল হারিয়ে তা পুনরুদ্ধার করতে পারিনি, আর রক্ষণে গিয়ে অবস্থা আরও শোচনীয় হয়েছে।’
আরও পড়ুন: ইউরোপীয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ অধ্যায় শুরু এমবাপ্পের
৬৫ বছর বয়সী এই ইতালিয়ান বলেন, ‘রক্ষণের পুরো বিষয়টিই হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। খেলোয়াড়রা একইরকম ভাবলে খেলায় ভারসাম্য আসে। আর এখানে ভারসাম্য হারিয়ে গেলে শুধু স্ট্রাইকারদের জন্যে নয়, মিডফিল্ডার-ডিফেন্ডার সবার জন্যেই সমস্যা হয়ে দাঁড়ায়।’
সান্তিয়াগো বের্নাবেউতে আগামী রবিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে মাঠে নামবে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
৬৫৩ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেট এক ওভারে ৩৯ রানের রেকর্ড
রান তোলায় নতুন উচ্চতা দেখল ক্রিকেট বিশ্ব। তবে সেটি এক ইনিংস বা ম্যাচে নয়, এক ওভারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে ভানুয়াতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান নিয়ে নতুন রেকর্ড গড়েছে সামোয়া।
মঙ্গলবার (২০ আগস্ট) সামোয়ার এপিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে ভানুয়াতুর বোলার নালিন নিপিকোর ওভারে ৬টি ছক্কা হাঁকান সামোয়ার ডারিউস ভিসের। ওভারে আরও তিনটি নো বল হওয়ায় মোট ৩৯ রান ওঠে, আর তাতেই হয়ে যায় বিশ্বরেকর্ড।
এটি শুধু আন্তর্জাতিক টি-টেয়েন্টিতেই নয় ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।
আরও পড়ুন: টেস্টে ইংল্যান্ডের দ্রুততম ফিফটি হাঁকালেন স্টোকস
ইনিংসের ১৫তম ওভারে নিপিকোর প্রথম তিন বলে তিনটি ছক্কা মারেন ভিসের। এর পরের বলটি নো বল হলে পরের বলে ফ্রি হিটে আবারও একটি ছক্কা হাঁকান তিনি। পরের বলে সোজা শট দিলে বল গিয়ে নন স্ট্রাইক এন্ডের স্টাম্পে লাগলে ডট বল হয়। এরপর টানা দুটি নো বল করেন নিপিকো, যার শেষটি লং লেগের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে দেন ভিসের। আর ওভারের শেষ ডেলিভারিটিও উড়িয়ে সীমানাছাড়া করেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে এক ওভারে ৩৬ রানই ছিল সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সেটিও হয়েছে পাঁচবার। এর মধ্যে তিনবার ছয়টি ছক্কায়, বাকি দুবারের একবার দুই ব্যাটার এবং আরেকবার এক ব্যাটারের কৃতিত্বে।
৬৫৩ দিন আগে
আলভারেস আতলেতিকোর ডিএনএর সঙ্গে পুরোপুরি মানানসই: সিমিওনে
হুলিয়ান আলভারেসকে দলে পেয়ে উচ্ছ্বসিত আতলেতিকো মাদ্রিদ বস দিয়েগো ‘চোলো’ সিমিওনে। ২৪ বছর বয়সী এই ফুটবলারের কাছ থেকে দুর্দান্ত কিছু আশা করেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত দেড়টায় লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে লা সিরামিকা স্টেডিয়ামে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সদ্য শুরু হওয়া মৌসুমে দল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলেন সিমিওনে। সেখানেই উঠে আসে আলভারেসের প্রসঙ্গটি।
এ বিষয়ে তিনি বলেন, ‘হুলিয়ান এমন একজন খেলোয়াড়, যার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য আমরা সবাই প্রতীক্ষায় রয়েছি। নিশ্চিতভাবেই সে দলের উন্নতিতে সহযোগিতা করবে।’
‘তার সব বৈশিষ্ট্যই আতলেতিকোর ডিএনএর সঙ্গে মিলে যায়। ইতোমধ্যে সে (দলে) একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। আশা করছি, আমরা এমন একটি দল গড়তে পারব, যা তার দক্ষতা থেকে আরও শক্তি পাবে।’
ম্যানচেস্টার সিটি ছেড়ে আলভারেস মাদ্রিদের এই ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন এক সপ্তাহ হয়েছে। এরইমধ্যে তিনি নাকি দলটির সঙ্গে মানিয়ে নিয়েছেন।
এ বিষয়ে সিমিওনে বলেন, ‘সে কয়েকদিন হলো এখানে এসেছে। মাত্র চার দিন আমাদের অনুশীলনে অংশ নিয়েছে, কিন্তু দলের সঙ্গে সে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে।’
আরও পড়ুন: বার্সেলোনা ছেড়ে ইংলিশ ক্লাবে রোনালদিনিয়োর ছেলে
লিগ টেবিলের চারে থেকে গত মৌসুম শেষ করে লস রোহিব্লাঙ্কোসরা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিতে হয় এল চোলোর শিষ্যদের। তাছাড়া মৌসুমজুড়ে তাদের পারফরম্যান্সও ছিল নিজেদের নামের সঙ্গে বেমানান।
তবে নতুন মৌসুমে এসব দুঃস্মৃতি ভুলতে চায় ক্লাবটি। ফলে কাড়ি কাড়ি টাকা খরচ করে চলেছে চলতি দলবদলের মৌসুমে।
৯৫ মিলিয়ন (৭৫+২০) ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটি থেকে আলভারেসকে দলে ভিড়িয়েছে তারা। এরপর ৩৯.৫ মিলিয়ন (৩৪.৫+৫) ইউরো দিয়ে ইউরোয় টুর্নামেন্টজুড়ে স্পেনের রক্ষণে আলো ছড়ানো ডিফেন্ডার রবিন লে নরমান্দকে রিয়াল সোসিয়েদাদ থেকে ওয়ান্দা মেত্রোপলিতানোয় নিয়ে আসে আতলেতিকো। শুধু তাই নয়, গত মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা আলেকজান্ডার সোরলথকেও দলে টেনেছে তারা। ভিয়ারিয়ালের এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডকে দলে পেতে তাদের ৩৫ মিলিয়ন (৩০+৫) ইউরো খরচ হয়েছে।
ফলে চলতি মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিততে যে দল গঠন করছেন সিমিওনে, তা একপ্রকার স্পষ্ট।
এ বিষয়ে তিনি বলেন, ‘সেরা দল হিসেবে মৌসুম শুরু করতে চলেছে রিয়াল মাদ্রিদ। দারুণ সব খেলোয়াড়সমৃদ্ধ দলটি মৌসুমজুড়ে এটাই প্রমাণ করবে, যেখানে বাকি সব দলকে পেছনে থেকে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে।’
‘বার্সেলোনাকে দেখুন, তারাও প্রতিনিয়ত দলের উন্নয়ন করছে। দারুণ সব ফুটবলার এনে রিয়াল (মাদ্রিদ) তাদের উন্নতির ধারা অব্যাহত রেখেছে। তাই আমাদেরও নিজেদের বিষয়ে ভাবতে হবে।’
আরও পড়ুন: সৌদির বিলিয়ন ইউরোর প্রস্তাব গ্রহণে ‘রাজি’ ভিনিসিউস
তবে প্রতিভাধর সব তারকা ফুটবলারদের দলে টানলেও চলতি দলবদলের বাজারে এখনও তাদের কার্যক্রম শেষ হয়নি বলে জানিয়েছেন ৫৪ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচ।
এ বিষয়ে তার মন্তব্য, ‘দল এখনও পূর্ণাঙ্গ রূপ পায়নি। আমরা এখনও এ বিষয়ে কাজ করছি। আমাদের ঠিক কী দরকার, তা আমরা জানি। সে অনুযায়ীই কাজ চলছে।’
প্রসঙ্গত, চেলসির তরুণ ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাগারের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেলেও শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। তবে তাকে পেতে আতলেতিকো ফের চেষ্টা করছে বলে স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।
৬৫৫ দিন আগে
১০ জন নিয়ে খেলেও শিরোপা জিতে মৌসুম শুরু লেভারকুজেনের
গত মৌসুম যেখানে শেষ করেছিল, নতুন মৌসুমে ঠিক সেখান থেকেই যেন শুরু করল বায়ের লেভারকুজেন। আক্রমণাত্মক ফুটবল, হার না মানা মানসিকতা আর শেষের চমকের পর শেষমেষ জয় পেয়ে শিরোপা জিতে মৌসুম শুরু করেছে শাবি আলোনসোর দল।
শনিবার (১৭ আগস্ট) রাতে ঘরের মাঠ বে আরেনায় স্টুটগার্টের বিপক্ষে ২-২ সমতায় ম্যাচ শেষ করার পর টাইব্রেকার জিতে জার্মান সুপার কাপ জিতেছে লেভারকুজেন।
এদিন ম্যাচের ৬৬ শতাংশ সময় বল ছিল স্টুটগার্টের পায়ে। এক-তৃতীয়াংশ সময় বল পেলেও তার মধ্যেই কাজের কাজ সারে শাবির শিষ্যরা।
ম্যাচের একাদশ মিনিটে গোল করে লেভারকুজেনকে এগিয়ে নেন ভিক্টর বনিফেস। এর চার মিনিট পর স্টুটগার্টকে সমতায় ফেরান এনসো মিলোত।
তবে ম্যাচের ৩৭তম মিনিটে ধাক্কা খান আলোনসো। ফরাসি উইঙ্গার মারতঁ তেরিয়েঁ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় লেভারকুজেন। এরপর বাধ্য হয়েই খেলার কৌশলে পরিবর্তন আনতে হয় শাবি আলোনসোকে।
আরও পড়ুন: রোনালদোর আল-নাসরকে গুঁড়িয়ে সৌদি সুপার কাপ জিতল আল-হিলাল
এরপর দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে দ্বিতীয় গোল করে এগিয়ে যায় স্টুটগার্ট। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণে উঠে একসময় জয়ের সুবাসও পেতে শুরু করে তারা। তবে প্রতিপক্ষ লেভারকুজেন বলে কথা, শেষ মুহূর্তে গোল করে যাদের অসংখ্যবার ম্যাচ জিতে নেওয়ার প্রমাণ রয়েছে। এ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি।
নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে গোল করে দলকে সমতায় ফেরান প্যাট্রিক শিক। ফলে ২-২ সমতায় ম্যাচ শেষ হলে ফলাফল নির্ধারণে টাইব্রেকারের শরণাপন্ন হতে হয়।
টাইব্রেকারে লেভারকুজেনের সবাই গোল পেলেও স্টুটগার্টের দুজন গোল পেতে ব্যর্থ হন। ফলে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা উঁচিয়ে ধরে শাবি আলোনসোর শিষ্যরা।
লেভারকুজেনের দায়িত্ব নেওয়ার এক মৌসুম পরই ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা শিরোপা এনে দেন আলোনসো। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচ হারে তার দল। এছাড়া জার্মান কাপও জেতে তারা। এরপর নতুন মৌসুমে লিগ শুরু হওয়ার আগেই জার্মান সুপার কাপের শিরোপা জিতল দলটি।
আরও পড়ুন: ঘুরে দাঁড়িয়ে জিতে বার্সার ‘ফ্লিক অধ্যায়’ শুরু
৬৫৫ দিন আগে