সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্তদের ওপর সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
দায়িত্বে থাকা অবস্থায় কেউ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকলে তা উদ্বেগের বিষয় বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বহু মানুষ সম্পৃক্ত আছেন, ছিলেন, সেটা সমস্যা নয়। প্রজাতন্ত্রের কর্মচারীরা দায়িত্বে থাকাকালীন যদি সম্পৃক্ত থাকেন, এটা আসলে খুবই ভয়ংকর কথা।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত ব্যক্তিদের পাশাপাশি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেও যারা দলটির সঙ্গে যুক্ত, তাদের ওপর সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রয়েছে।
সরকারের নিজস্ব নজরদারি ও তথ্য সংগ্রহের ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
তিনি বলেন, কীভাবে নজরদারি করা হচ্ছে, তা প্রকাশ করা সম্ভব নয়। রাষ্ট্রীয় নিরাপত্তার কিছু বিষয় রয়েছে। সরকারের নিজস্ব ব্যবস্থাপনা ও বিভিন্ন উপায় রয়েছে, যার মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব।
এছাড়া আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির মেয়াদের বিষয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে নতুন কোনো তথ্য নেই। তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত সে রকম কোনো সম্ভাবনা নেই।
চুক্তি নিয়ে আলোচনা ও তা চূড়ান্ত করার সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সরাসরি যুক্ত নয় বলেও নিশ্চিত করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনার সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে তার কাছে পর্যাপ্ত তথ্য নেই। পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করা হবে।
তথ্য উপদেষ্টার ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ও উঠে আসে।
তিনি বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট। সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে চায়। দুই দেশের মধ্যে থাকা চুক্তির ভিত্তিতেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করেছে।
ভারতের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়া বা চাপ প্রয়োগ করা হবে বলে তিনি মনে করেন না বলেও জানান।