প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদস্য পরিচয়ে উত্তরায় এক ব্যক্তির কাছ থেকে এক লাখ ৫৯ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাসেল মাহবুব ওরফে মাসুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আকতার হোসেন শনিবার (৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানান।
ডিসি আকতার বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল (শুক্রবার) সকাল ৮টার দিকে উত্তরা পূর্ব থানার একটি টহল দল সেক্টর-৪-এর ৩ নম্বর সড়কের একটি ভবনের দশম তলার একটি ফ্ল্যাটে যায়।
পুলিশ জানায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন এবং ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
একপর্যায়ে কথিত ওই মামলা মীমাংসার জন্য তারা জাহেদীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন। ভয় পেয়ে তিনি এক লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড নিয়ে সন্দেহ হওয়ায় তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।
এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক সন্দেহভাজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র পায়। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজনরা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি মোটরসাইকেল, নগদ এক লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হাতকড়া উদ্ধার করা হয়ে।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠাতে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।