সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে গণমাধ্যম নিয়ে পরিকল্পিত পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের এক মাসপূর্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গণমাধ্যমকর্মীদের হুট করে চাকুরিচ্যুতি রোধে কোনো সুনির্দিষ্ট আইন বা কোনো কিছু করে যাবেন কিনা—এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জানেন যে, গণমাধ্যম জগতের চেহারা এবং কাঠামোটায় কত বড় ধরনের পরিবর্তন ঘটেছে সারা পৃথিবীতে। আপনারা দেখেছেন যে, প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে। এটা সবটাই কিন্তু তথ্যপ্রযুক্তি এবং এখনকার যে কমিউনিকেশন সায়েন্স, তার যে রূপান্তরিত পরিস্থিতি, সেটার কারণেই।
‘অনলাইন পত্রিকা, আইপি টিভি—এ ধরনের প্লাটফর্মগুলো তৈরি হয়েছে। ফলে আগের মতো কিন্তু আমরা বা সরকার চাইলেই পুরনো নিয়ন্ত্রণের আইন কাঠামো... তার আওতার মধ্যে কিন্তু এগুলো পড়ে না। আবার এগুলো কিন্তু আমাদের সভ্যতার অনুষঙ্গে পরিণত হয়েছে। ফলে পুরো ব্যাপারটাই একটা স্ট্র্যাটেজিক ডিসকাশন (কৌশলগত আলোচনা)।’
তিনি বলেন, ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা যায়—অমুকটা কীভাবে, তমুকটা কীভাবে; কিন্তু আমরা এ রকম কোনো পিসমিল (আংশিক) কথাবার্তা না বলে গণমাধ্যম-সংক্রান্ত একটা বিষয়ে আপনাদের মতো স্টেক হোল্ডারদের (অংশীজনদের) সঙ্গে নিয়েই একটা স্ট্র্যাটেজিক মুভ (পরিকল্পিত পদক্ষেপ) নিতে চাই। এজন্য আমি কোনো বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত মন্তব্য করতে চাচ্ছি না আপাতত।
জহির উদ্দিন স্বপন বলেন, ব্যক্তিগত মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানেকে তার কর্মকর্তা-কর্মচারীদের রাখবেন কি রাখবেন না, এটার তো তার একটা এখতিয়ার এবং ক্ষমতা আছে। আবার তথ্য মন্ত্রণালয় যে কোনো ধরনের গণমাধ্যমকর্মীদের এক ধরনের নিরাপত্তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটা নৈতিক দায়িত্ব আছে। কিন্তু, এই নৈতিক দায়িত্ব পালন করার জন্য কোনো উদ্যোক্তার প্রতি কী পরিমাণ চাপ প্রয়োগ করা যাবে, তার কিন্তু কোনো আইন নেই। ফলে সবটাই কিন্তু আমাদের একটা কৌশলগত আলোচনার মধ্যে আনতে হবে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই এই বিষয়ে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এক মাসের মধ্যে সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ, ইমাম-মোয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদান, মহিলা বাস চালু, খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছে। কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।