গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান।
সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলনের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই কার্যক্রমটা মূলত দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না এবং এটি প্রমাণ করে যে দেশের অন্য কোথাও দলটির কোনো সাংগঠনিক উপস্থিতি নেই।
তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লগের) পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে, তাদের কিছু নেই। এবং জুলাইকে অস্বীকার করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই সামনে।’
গোপালগঞ্জের ঘটনাকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের সভাপতি ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে প্রচারণা চালানো হয়েছিল, সেটি ছিল ‘রাজনৈতিক ব্লাফ’।
তিনি মনে করেন, নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় সেই ইস্যু থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনো সুবিধা পাবে না। রাজনৈতিকভাবে ফিরে আসার মতো দলটির কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা সরকার দেখছে না।