আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি স্মারক সব সচিব, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে পাঠানো হয়েছে। এতে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্মারকে জানানো হয়,প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা সোমবার (৯ মার্চ) ডিসি সম্মেলনের পূর্ব প্রস্তুতি নিতে সব সচিব এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৬ মে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করতে সম্মতি দিয়েছেন।
জেলা প্রশাসক সম্মেম্মলন চলাকালে মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জ্যেষ্ঠ সচিব ও সচিবেরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিকনির্দেশনা দেবেন।