চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহিদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে শহিদ হন জুবায়ের হোসেন। তার একমাত্র বোন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার বর্তমানে ব্রেন টিউমারে (ব্রেন স্টেম গ্লাইওমা) আক্রান্ত। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেসমিনের অসুস্থতার বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যায়।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহিদ পরিবারের সদস্য গোলাম রহমান ও রবিউল আওয়াল এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।
প্রতিনিধিদলটি শহিদ জুবায়েরের বাবা-মায়ের সঙ্গে কথা বলে এবং জেসমিনের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।