রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পর নিরাপত্তা জোরদার করতে নগরজুড়ে চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিসি আকতার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও সড়কে চলাচলকারী যানবাহনের সুরক্ষায় এসব ব্যবস্থা নিয়েছে ডিএমপি।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্রও যাচাই করা হচ্ছে।