করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আজ বুধবার (২২ জুলাই) হতে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে।
বুধবার (২২ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে করদাতাদের মাঝে এই পদ্ধতি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিগত ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাদের এই সাড়া প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ও ঘরে বসেই তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সকল স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।