রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত দ্রুতগামী গাড়ির ধাক্কায় ফালু মিয়া (৪৬) নামে এক গ্যারেজ শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে কোনাপাড়ায় মোল্লা কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের স্বজন রতন জানান, কাজ শেষে বাসায় ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন ফালু মিয়া। তিনি বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পূর্ব কদমতলী এলাকায় বসবাস করতেন। নিহতের বাবার নাম আব্দুল মতিন। তিনি পেশায় একজন গ্যারেজ মেকানিক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সজিবুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ সংবাদ পেয়ে তারা কোনাপাড়ার মোল্লা কলেজের সামনের সড়কে ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি কাজ শেষে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘাতক যানবাহনটি শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই সজিবুর রহমান।