রাজধানীতে একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দক্ষিণ বনশ্রীর ওই বাসার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মহসীন আল মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহবাজের বাবার নাম নাজির আহমেদ। তার বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
এডিসি মুরাদ বলেন, ওই পাকিস্তানি নাগরিক বাংলাদেশেই বসবাস করতেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ছিল। এসব কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৮টার দিকে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির দারোয়ান পুলিশকে খবর দেন। এরপর খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।