রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তাদের নাগরিক অধিকার ও মর্যাদা সুরক্ষিত রেখে মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গার প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই এই দীর্ঘস্থায়ী সংকটের অবসান ঘটাতে হবে।’
বৈঠকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সালাহউদ্দিন আহমদ সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিনিধিদল রোহিঙ্গা সংকটে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়াতে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ব্রিটিশ এমপি ইমরান হুসাইনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ ও অরফানস ইন নিডের ফান্ডরেইজিং বিভাগের প্রধান আলতাফ হুসাইন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।