নিরাপদ ও শক্তিশালী বাংলাদেশ গড়তে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং উন্নত প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।’
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সেনা, নৌ ও বিমানবাহিনীর পৃথক সক্ষমতাকে সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনতে সরকার ইতোমধ্যে নতুন পরিকল্পনা নির্দেশিকা প্রণয়ন করেছে বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন, আধুনিক নিরাপত্তা কৌশল এখন প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত রূপ নিচ্ছে।
তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এসব পরিকল্পনার অংশ।’
আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের সমন্বিত এই প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা বলেও উল্লেখ করেন তিনি।