দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতিহাস কখনও মুছে ফেলা যায় না, সত্যকেও আড়াল করে রাখা যায় না। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—এই ইতিহাস পাল্টানো যাবে না। খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন, তার সেই রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয়, দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুক। কারণ দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে।’
সরকার প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে চায় বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতারা।