মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় আরও ১২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (৮ মার্চ) ভোরে দেশটির রাজধানী বৈরুতে ও দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েল জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডারদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের পরবর্তী ধাপের জন্য অনেক চমক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে, একঝাঁক মিসাইল ও ড্রোন কুয়েতে আঘাত হানলে দেশটির দুই সীমান্তরক্ষী নিহত হয়েছেন।
শনিবার তেহরানে একটি তেল শোধনাগারেও হামলা চালায় ইসরায়েল। এক ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে আগুনের লেলিহান শিখা উড়ছে। এটিই প্রথম কোনো বেসামরিক শিল্প প্রতিষ্ঠানে হামলার ঘটনা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ১ হাজার ২৩০ জন, লেবাননে ৩০০ জনেরও বেশি এবং ইসরায়েলে প্রায় ১০-১২ জন মানুষ নিহত হয়েছেন।
ইরানের এফ-১৪ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা
ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, তারা প্রাক-বিপ্লবী যুগে যুক্তরাষ্ট্র থেকে কেনা ইরানের একঝাঁক যুদ্ধবিমানের ওপর হামলা চালিয়েছে। তেহরানের দক্ষিণে ইসফাহান বিমানবন্দরে থাকা এফ-১৪ বিমানগুলো ছিল ইরানি বিমান বাহিনীর প্রধান স্তম্ভ। তবে বিমানগুলো ধ্বংস হয়েছে কি না, তা নিশ্চিত করেনি ইসরায়েল। এছাড়া তারা রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার দাবিও করেছে।
বাহরাইনে হামলায় আহত ৩, পানি শোধন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকালে বাহরাইনের মুহারাগ শহরের একটি বিশ্ববিদ্যালয় ভবনের ওপর ইরানের মিসাইল হামলায় ৩ জন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলায় তাদের একটি লবণাক্ত পানি শোধন প্ল্যান্টও ক্ষতিগ্রস্ত হয়েছে।