ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, মা-বাবার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান একজন গণতান্ত্রিক ও মানবিক প্রধানমন্ত্রী হিসেবে জাতির সামনে আবির্ভূত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর আয়োজনে শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মুরাদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিলেন।
তিনি আরও বলেন, পরবর্তী সময়ে দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় গিয়ে একদলীয় বাকশাল ব্যবস্থা বিলুপ্ত করেন এবং বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন।
দেশের পক্ষে কাজ করতে গিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে শহিদ হতে হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের দূরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে।
জিয়াউর রহমানের অবর্তমানে বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের হাল ধরেন বলেও উল্লেখ করেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক। তিনি বলেন, দীর্ঘ ৯ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।
বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্রের মধ্যেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার জনগণের সেবা করার সুযোগ পেয়েছে উল্লেখ করে মুরাদ বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় গেছে, তখনই আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা সংকট মোকাবিলা করতে হয়েছে।
তিনি আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিসহ নানা চ্যালেঞ্জের মধ্যে তারেক রহমানও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, মা-বাবার মতো প্রধানমন্ত্রীও সফল হবেন।
শোভাযাত্রাটি ধামরাই উপজেলা চত্বর হয়ে ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুটের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক এম এ জলিল, এনায়েত হোসেন, আব্দুস সালাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুলসহ আরও অনেকে।