প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ (রবিবার) সন্ধ্যায় ক্ষমতাসীন বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ ভবনে সন্ধ্যা ৬টা থেকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং গতকাল (শনিবার) রাতে এ তথ্য জানায়।
এদিকে সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। এর মধ্যেই সংসদ নেতা তারেক রহমান সংসদীয় দলের বৈঠক ডাকলেন।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
সাধারণত সংসদ অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।
সংসদের পরবর্তী অধিবেশন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।