পাতালরেলের ভিড় থেকে রোদে ঝলমলে চত্বর, তীব্র গরমের কারণে স্পেনে সর্বত্র দেখা যাচ্ছে পুরনো দিনের এক অনুষঙ্গ।
এটি এতটাই ছোট যে হাতব্যাগে রাখা যায়। ঐতিহ্যবাহী স্প্যানিশ এই ভাঁজ করা হাতপাখাকে বলা হয় ‘আবানিকো’। খুললে এটি অর্ধবৃত্তের আকার নেয়, আর কবজির সামান্য ঝাঁকুনিতেই বেশ জোরালো বাতাস দেয়।
এবারের গ্রীষ্মে পশ্চিম ইউরোপের দেশগুলোতে একের পর এক তাপপ্রবাহের ধারাবাহিকতায় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফলে ঘরের বাইরে ক্রমেই অপরিহার্য হয়ে উঠ এই ঐতিহ্যবাহী হাতপাখা। স্পেনসহ বিভিন্ন দেশের তরুণ থেকে বৃদ্ধ—সবাই এটি ব্যবহার করছে।
নারীদের পাশাপাশি পুরুষদের মাঝেও এর ব্যবহার ক্রমেই বাড়ছে। গণপরিবহন ও সংগীত উৎসবের মতো জনসমাগমস্থলে নারীদের পাশাপাশি এখন অনেক পুরুষকেও এই হাতপাখা খুলে বাতাস খেতে দেখা যাচ্ছে। জুলাইয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের জমজমাট প্রাইড উদযাপনেও সর্বত্র দেখা গেছে রংধনু রঙের আবানিকো।
আগস্টের এক গরমের দিনে ভালেন্সিয়ার একটি উৎসবে উপহার পাওয়া কাগজের আবানিকো দিয়ে সূর্যের তাপ ঠেকাচ্ছিলেন ২০ বছর বয়সী আনা ফেলিউ। গ্রীষ্মকালে এটি তিনি সব জায়গায় সঙ্গে রাখেন বলে জানান।
মাদ্রিদের পুয়ের্তা দেল সল চত্বরের কাছ থেকে অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘এটাই আমার সবচেয়ে প্রিয়, তবে আমার আরও কয়েকটি আবানিকো আছে।’