গাজীপুরের শ্রীপুরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি শফিকুল ইসলাম খন্দকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবু তাহের নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল (৪০) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুলাই শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার একটি বাসায় শিশুটিকে ধর্ষণ করেন শফিকুল।
ঘটনার পর ১৫ জুলাই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় শ্রীপুর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (সোমবার) এ মামলার রায় দিলেন আদালত।