কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিকাণ্ড তদন্তে আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছে তদন্ত কমিটি।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তদন্ত কমিটির প্রধান ও জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মাহবুব-উল-ইসলাম বলেন, ‘আমাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা ছিল। তবে তদন্তের স্বার্থে আরও সাত কর্মদিবস সময় চেয়ে আবেদন করেছি।’
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিভিন্ন আলামত ও প্রমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা ও যাচাই-বাছাই চলছে। সবকিছু যাচাই-বাছাই ও বিশ্লেষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এর আগে গত শুক্রবার অগ্নিকাণ্ড তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওই দিন দুপুরেই কমিটি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণ ও ঘটনার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
কমিটির অন্য সদস্যরা হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
গত বুধবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডে কয়েকটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।
এ ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা করেছেন নুসরাত।