কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় চারজন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় সাতজন, বুড়িচংয়ে তিনজন, ব্রাহ্মণপাড়ায় পাঁচজন, বরুড়ায় ১০ জন, লাকসামে চারজন, মনোহরগঞ্জে দুজন, নাঙ্গলকোটে চারজন, দাউদকান্দিতে দুজন, তিতাসে একজন, হোমনায় তিনজন, মেঘনায় দুজন, দেবিদ্বারে দুজন, মুরাদনগরে একজন, বাঙ্গরা বাজারে চারজন ও লালমাইয়ে চারজন রয়েছেন। এছাড়া জেলা গোয়েন্দা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড রোধে গত ৬ থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সবাইকে পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।