কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। এর আগে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীসহ কিশোরদের উৎপাত থাকা প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
অপরাধের সঙ্গে আটকদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর জেলায় কিশোর গ্যাংবিরোধী এক অভিযানে পুলিশ ৬২৪ জনকে আটক করে। তাদের মধ্যে ১৭৪ জনকে কারাগার বা শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল, আর বাকিদের মুচলেকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয়।