কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের বিশেষ অভিযানে তিন গ্যাংয়ের পাঁচ হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স হলে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেপ্তাররা হলেন কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০); চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাকির আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘পিএক্স ১০’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হোতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে গ্রেপ্তারদের জড়িত থাকার তথ্য পেয়েছে।
গ্রেপ্তারদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।