খুলনা নগরের লবণচরায় সড়কের ওপর থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ থেকে প্রায় ৫০০ গজ দূরে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শহীদুল ইসলাম কলিন (৩৫) দরগাহ এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কলিন প্রায় বাড়ির বাইরে অবস্থান করতেন। দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। গতকাল (শনিবার) বিকেলে বাড়িতে এসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার তিনি বের হন।
এরপর রাত সাড়ে ১১টার দিকে সড়কে কলিনকে পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তার পরিবারকে খবর দেন।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, কলিনের বিরুদ্ধে সাতটি মাদক ও একটি হত্যা মামলা ছিল। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।