খুলনার তেরখাদায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কে এ ঘটনা ঘটে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ রামীম বিশ্বাস পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে ও মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রামীম পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
এছাড়া এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।