মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েক দফায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে মিছিল করলে কয়েক মিনিটের জন্য যান চলাচল বন্ধ থাকে।
এর আগে সকালে জেলার শ্রীপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতিতে যান। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন।
পরে শ্রমিকরা আশপাড়া মোড়ে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এরপর শ্রমিকরা পিছু হটে ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকায় অবস্থান নেন। সেখানেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।