গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্রীপুরের মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশায় থাকা দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন, আর আহতাবস্থায় চালকসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।