গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবোঝাই পিকআপ ভ্যানের চাপায় অটোভ্যানের যাত্রী বাবা ও তার ছয় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে সাইফুল ও তার মেয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।