গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে মহাসড়কের সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খুলনা জেলার শিরোমণি এলাকার তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মালেক আলী সরদার জানান, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।