চট্টগ্রামের মীরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, রানা, আরিফ ও সাফায়েত।
আহতদের মধ্যে দুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান জানান, সোহাগ এলিট পরিবহনের একটি যাত্রীবাহী বাস পুলিশের টহল গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় ও ছয় পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।