চাঁপাইনবাবগঞ্জে ককটেল, গান পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকারা এলাকায় একটি আমবাগান থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। আজ (শুক্রবার) সকালে এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ কোম্পানি কমান্ডার কার্যালয়ের একটি দল রাজশাহীস্থ এসআরবি-৫-এর বোমা ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকারা এলাকায় একটি আমবাগান অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ দশমিক ৮ কেজি গান পাউডার ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এ সময় ঘটনাস্থলের আশপাশে কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় কেউ আটক হয়নি।
এসআরবির ধারণা, বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির লক্ষে দুষ্কৃতকারীরা বিস্ফোরকগুলো ওই স্থানে সংরক্ষণ করে রেখেছিল। উদ্ধার হওয়া মালামাল আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।