চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল শুরু হয়।
দুই পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।
কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এরপর বিকেল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি জানান, শ্রমিকদের দুই পক্ষ এবং পরিবহন মালিক নেতাদের নিয়ে সন্ধ্যায় সদর থানায় একটি সমঝোতা বৈঠকে বসার কথা রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিক কল্যাণের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল।
এর জের ধরে গেল মঙ্গলবার এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন। তবে এক ঘণ্টার বেশি সময় আলোচনা চললেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কোনো সমঝোতা হয়নি।
পরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।