চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তার মেয়ের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের বকুল আলীর স্ত্রী মিলি বেগম (৪৫) ও তার মেয়ে লিমা (১৬)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন সকাল সাড়ে ৬টার দিকে মিলি বেগম বাড়ির সামনে তাদের দোকান খুলতে যান। এ সময় দোকানে থাকা একটি রডে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
মায়ের চিৎকার শুনে তাকে উদ্ধার করতে গিয়ে লিমাও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।