চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা খালি তেলবাহী ট্যাংকারের লোকোমোটিভে ডাকাতদের হামলায় লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের আগে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় আহত লোকোমাস্টার (চালক) নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনের দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের পোশাক নিয়ে পালিয়ে যান ডাকাত দলের সদস্যরা।
নজরুল জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী খালি বিটিও ট্যাংকারটি ক্রসিংয়ের জন্য দর্শনা হল্ট স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল। খুলনা থেকে ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা।
এ সময় একদল ডাকাত ট্রেনের লোকোমোটিভে প্রবেশের চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে ঢুকে পড়েন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তারা দুজন আহত হন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন লোকোমাস্টার নজরুল ইসলাম।
উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত বলেন, ঘটনার পর ট্রেনটি উথলী স্টেশনের লুপ লাইনে নেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, পুলিশ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। রেলওয়ে পুলিশও বিষয়টি দেখছে।