জামালপুরে ১৫ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় মুছা মিয়া নামের এক ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার একটি জামে মসজিদে ইমামতি ও মক্তবে শিক্ষকতা করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, প্রতিদিন সকালে শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা। ২০২০ সালের ২৮ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর মেয়েটিকে ধর্ষণ করেন তিনি।
পরে বিষয়টি জানতে পেরে ৮ ডিসেম্বর ভুক্তভোগীর মা দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন। ২০২১ সালের ৫ মে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।
১০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করলেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।