ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাইকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদারাড়ী পাড়া গ্রামের কারী গোলামের ছেলে। অন্যদিকে অভিযুক্ত তরিকুল ইসলাম বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য এনামুল হোসেন জানান, গতকাল (সোমবার) শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন গোলাম রহমান। মেয়ের ওপর নির্যাতনের কারণে শ্বশুরের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এর জেরে ভোর সাড়ে ৬টার দিকে তরিকুল ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে জামাইকে এলোপাতাড়ি কোপান। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সকাল ৬টা ৫০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালও উদ্ধার করা হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত শ্বশুরকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে জানানো যাবে।