গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি বলেন, টঙ্গীর চেরাগ আলী এলাকায় সকাল ৬টার দিকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটের জরুরি বিভাগে এসেছে।
ডা. সুলতান আরও জানান, দগ্ধদের মধ্যে লাল চাঁনের (৬৫) শরীরের ৯৫ শতাংশ, নাসিমার (৫০) শরীরের ৮৫ শতাংশ ও তানিশার (১৬) শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।