ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
মৃত মো. শাহিন আলমের (৪০) হাজতি নম্বর ২৮২১০/২৬। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার টেকপাড়া এলাকার মো. বশির উদ্দিনের ছেলে। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কারারক্ষী আমিরুল ইসলাম জানান, গতকাল (বুধবার) কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে শাহিনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। এরপর আজ সকালে তিনি মারা যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।