দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত টানা আট দিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ছুটির আগে শেষ কর্মদিবসে বন্দরজুড়ে ব্যাপক কর্মব্যস্ততা দেখা গেছে।
বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান, ছুটির বিষয়ে বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনগুলোর নেতাদের মধ্যে জরুরি বৈঠক হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর সঙ্গে ১৬ ও ২৩ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মূলত টানা আট দিন কার্যক্রম বন্ধ থাকবে।
২৪ অক্টোবর (শনিবার) থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে জানিয়ে নিয়াজ নাহিদ বলেন, এ বিষয়ে দুই দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে চিঠি বিনিময় হয়েছে।
সংগঠনটির সভাপতি ফারুক হোসেন বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দুর্গাপূজা উপলক্ষে শুল্ক স্টেশন ও সিঅ্যান্ডএফ কার্যক্রম আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকব বলে জানিয়েছেন বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান।