নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস হোসেন সাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।
আজ সকালে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, গতকাল (রবিবার) রাতে সান্তাহার থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় ইলিয়াস হোসেন ইয়ারফোন লাগিয়ে রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও থানায় আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাগোলা রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় প্রায়ই ট্রেন চলাচলের সময় মানুষের চলাচল করতে দেখা যায়। এর আগেও এ এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ফলে রেললাইন ও স্টেশন এলাকায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ওসি মো. দুলাল উদ্দিন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ইতোমধ্যে একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
এদিকে, ইলিয়াসের আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।