নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মো. আল মাসুদ খান।
এর আগে রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালানো হয়।
এসআরবি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত শরীফ ভূইয়ার বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় বাড়ির গোডাউন থেকে একটি বিদেশি রিভলভার, একটি দেশি পাইপগান, বিভিন্ন ধরনের ৮২ রাউন্ড গুলি, দেশি ৯টি অস্ত্র, ৭৫ বোতল স্কাফ সিরাপ ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গুলির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে খোয়া যাওয়া শর্টগানের গুলি থাকতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।
তবে অভিযানে বাড়ির মালিক শরীফ ভূইয়াকে আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।