নরসিংদীর বেলাব উপজেলায় মাদক কারবারিদের সঙ্গে মাদক সেবনের সময় এক পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন: বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়ালপাড়া গ্রামের উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের রকি (২৮) ও মো. বাদল (৩৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল (সোমবার) রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবন করছিলেন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে। পরে তাদের হাতেনাতে আটক করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেলাব থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।