পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোছা. সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত তাদের সন্তান উদ্দিন সরদার (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উদ্দিন সরদার মাদকাসক্ত এবং প্রায়ই মায়ের সঙ্গে নেশার টাকা নিয়ে ঝগড়া করতেন। আজকে (মঙ্গলবার) সকালে টাকা না দেওয়ায় মাকে মেরে ফেলার হুমকি দেন তিনি। এর পরও টাকা না পাওয়ায় কাস্তে দিয়ে মার গলা কেটে হত্যা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেওয়ায় এই হত্যাকাণ্ড হয়েছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ি থেকে গ্রিল কেটে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।